গণমনস্তাত্ত্বিক রোগে মুকসুদপুরের ৩০ শিক্ষার্থী আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুটি বিদ্যালয়ে গতকাল শনিবার ৩০ জন শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে। এদের ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ অবস্থায় প্রশাসনের পরামর্শে স্কুল দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেলা ১১টা থেকে ১টার মধ্যে মুকসুদপুরের বহুগ্রাম পিসি উচ্চবিদ্যালয় ও গাড়লগাতী কেএম উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পিসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বিশ্বাস ও কে এম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ওহিদুজ্জামান বলেন, ক্লাস শুরুর পর বেলা ১১টার দিকে বিভিন্ন শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর মধ্যে তীব্র মাথাব্যথা, পেটব্যথা ও বমি বমি ভাব দেখা দেয়। এটা জানাজানি হলে অন্য শিক্ষার্থীরা তাদের সহায়তা করতে আসে। একপর্যায়ে তারাও অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুই বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদ করিম বলেন, এটি গণমনস্তাত্ত্বিক রোগ। উপসর্গ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।