গণমনস্তাত্ত্বিক রোগে ২১ শিক্ষার্থী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গণমনস্তাত্ত্বিক রোগে ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রোববার উপজেলার হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। বাকি ১১ জন শিক্ষার্থী পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ার উল্লাহ ওই বিদ্যালয় থেকে ফিরে বলেন, বিদ্যালয়টিতে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নেই। গরমে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এতে গণমনস্তাত্ত্বিক (হিস্টিরিয়া) রোগে শিক্ষার্থীরা আক্রান্ত হয়ে পড়ছে। এ নিয়ে চলতি মাসে শুধু ওই বিদ্যালয়ে ৩৫ জন শিক্ষার্থী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুস বলেন, বিদ্যুৎহীন ও টিনের ছাউনি দেওয়া বিদ্যালয়ে এভাবে শিক্ষার্থীরা আক্রান্ত হয়ে পড়ায় অভিভাবকেরাও আতঙ্কিত।