গণমনস্তাত্ত্বিক রোগে ২৫ ছাত্রী আক্রান্ত
পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নে ধোবাখোলা করনেশন উচ্চবিদ্যালয়ে তিন দিনে অজ্ঞাত রোগে কমপক্ষে ২৫ জন ছাত্রী আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ বিদ্যালয়ে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে। তবে চিকিৎসকেরা অজ্ঞাত রোগটিকে গণমনস্তাত্ত্বিক রোগ হিসেবে শনাক্ত করেছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তাঁরা।শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের ছাত্রীরাই শুধু অসুস্থ হচ্ছে। ছাত্রদের মধ্যে এ জাতীয় কোনো সমস্যা দেখা যায়নি। প্রথম ঘটনাটি ঘটে গত রোববার দুপুর ১২টার দিকে। ওই দিন ছাত্রীদের কমনরুমে থাকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী খুকী, সুরাইয়া ও সুমী একে একে জ্ঞান হারায়। তাদের মাথায় পানি ঢেলে ও স্যালাইন খাইয়ে কিছুটা সুস্থ করার পর বাড়ি পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই দশম শ্রেণীর ছাত্রী রীমাসহ আরও দুজন জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরও সুস্থ করে বাড়ি পাঠানো হয়। সোমবার ১০ জন ও মঙ্গলবার আরও ১০ জন অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, তিন দিনে সব মিলিয়ে ২৫ জন ছাত্রী অসুস্থ হয়েছে।অসুস্থ হওয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নদী আক্তার বলে, ‘কমনরুমে বসেছিলাম। হঠাৎ করেই মাথা ভারী হয়ে আসতে থাকে এবং শরীরে জ্বালাপোড়া শুরু হয়। এর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি।’এদিকে খবর পেয়ে মঙ্গলবার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং কয়েকজন অসুস্থ ছাত্রীকে পরীক্ষা করে। পরে তারা জানায়, রোগটিকে গণমনস্তাত্ত্বিক বলে শনাক্ত করা হয়েছে। পরে তাদের পরামর্শে কর্তৃপক্ষ বিদ্যালয়ে পাঁচ দিনের ছুটি ঘোষণা করে।প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পোদ্দার বলেন, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কগ্রস্ত হয়ে আর কোনো শিক্ষার্থী যাতে অসুস্থ না হয়, সে জন্য চিকিৎসক দলের পরামর্শে বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুরুল ইসলাম বলেন, ‘এ রোগকে গণমনস্তাত্ত্বিক রোগ বলা হয়। এর আগেও আমাদের এলাকায় এ ধরনের রোগ দেখা দিয়েছে। ক্ষুধা বা দুর্বলতাজনিত কারণে কোনো ছাত্রী অসুস্থ বা অজ্ঞান হলে দুর্বল চিত্তের অন্য ছাত্রীদের ওপর এর প্রভাব পড়ে। ভয়ে তারাও অসুস্থ হয়ে পড়ে। আসলে এ রোগে ভয় পাওয়ার কিছুই নেই।’