গণমনস্তাত্ত্বিক রোগে ৪০ ছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ৪০ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন। সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমানের ভাষ্য, মানসিক ও শারীরিকভাবে দুর্বল মেয়েরা এই রোগে আক্রান্ত হয়। এটিকে গণমনস্তাত্ত্বিক রোগ বলে। হাসপাতালে চিকিৎসাধীন মেয়েদের স্যালাইন ও ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। সবাই সুস্থ আছে।

স্কুলের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের ভাষ্য, সকাল সাড়ে নয়টার দিকে ক্লাস চলছিল। এ সময় ষষ্ঠ শ্রেণির ছাত্রী মুক্তা বেগম হঠাৎ জ্ঞান হারায়। এ খবর অন্যান্য শ্রেণিতে ছড়িয়ে পড়ে। সহপাঠী মুক্তা বেগমের অবস্থা দেখে একে একে বিভিন্ন শ্রেণির ৪০/৪৫ জন অচেতন হয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো স্কুলে। পরিস্থিতি সামাল দিতে স্কুলে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সপ্তম শ্রেণির ছাত্রী ববিতা খাতুনের ভাই আব্বাস আলী এবং অষ্টম শ্রেণির ছাত্রী সালেহা তাসলিমের বাবা আকবর হোসেনের ভাষ্য, অসুস্থতার খবর পেয়ে তাঁরা স্কুলে যান। অচেতন অবস্থায় পড়ে থাকা মেয়েদের দেখে অভিভাবকেরাও আতঙ্কিত হয়ে পড়েন। বিভিন্ন যানবাহনে অসুস্থ মেয়েদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অভিভাবক আকবর হোসেনের ভাষ্য, তাঁর মেয়ে সালেহা সকালে খালি পেটে স্কুল গিয়েছিল। ববিতার ভাই আব্বাস বলেন, তাঁর বোন খুবই দুর্বল চিত্তের। সামান্য মুরগি জবাই করা দেখলে সে অসুস্থ হয়ে পড়ে।

মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা গাজী মোহাম্মদ রফিক এবং ভারপ্রাপ্ত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক স্কুল পরিদর্শন করেন। গাজী মোহাম্মদ রফিক বলেন, মানসিক দুর্বলতার কারণে একজনের দেখাদেখি অন্য মেয়েরা অচেতন হয়ে পড়ে। এখন সবাই সুস্থ।