গণমনস্তাত্ত্বিক সমস্যায় নার্সিং ইনস্টিটিউট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের বেসরকারি আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীদের মধ্যে গণমনস্তাত্ত্বিক সমস্যা দেখা দিয়েছে। গত শনিবার রাতে এ ঘটনার পর ১০ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উপপরিচালক ফজলুল হক প্রথম আলোকে বলেন, তাঁদের নার্সিং ইনস্টিটিউটে ১৯০ জন ছাত্রী লেখাপড়া করছেন। তাঁদের মধ্যে দুজনের মানসিক সমস্যা দেখা দেয়। এরপর শনিবার রাতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। গতকাল রোববার সকালে তাঁদের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতির উন্নতির জন্য ১০ মার্চ পর্যন্ত নার্সিং ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রীরা হল ত্যাগ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ইনস্টিটিউটের কয়েক শিক্ষার্থী বলেন, ইনস্টিটিউটের দোতলার যে কক্ষে তাঁরা থাকেন, সেগুলোর একটিরও দরজা নেই। এ কারণে শিক্ষার্থীরা প্রায় রাতেই ভয় পান। কয়েক দিন আগেও এভাবে একজন ভয় পান। এ নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার রাতে পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় অন্তত ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। রাত নয়টার দিকে ভয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচ শিক্ষার্থীর অবস্থা গুরুতর হয়।