বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাঁর মতে, আগুন-সন্ত্রাসী ও জঙ্গিরা এ দেশটাকে দখল করলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না।
‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ওই সভা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়াকে ‘আগুন-সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী তাঁকে গণতন্ত্রের ওড়না পরানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আগুন-সন্ত্রাসী ও উন্নয়নের কারিগরকে এক পাল্লায় মাপবেন না। গণমাধ্যমের স্বাধীনতার নামে সাদাকে কালো আর কালোকে সাদা করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কিছু গণমাধ্যম মুক্ত গণমাধ্যমের কথা বলে যুদ্ধাপরাধী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ভারসাম্য তৈরি করতে চায়। ইংল্যান্ডে ৭৭ জন সাংবাদিক কারাগারে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই তুলনায় আমরা ভালোই আছি।’
সাংবাদিকদের মধ্যে যাঁরা হামলার শিকার হয়েছেন, তাঁদের তালিকা তাঁর দপ্তরে পাঠানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রশাসনের কোনো ব্যক্তিও যদি সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন, এর জবাবদিহি করতে আমি বাধ্য থাকব।’
তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে বিভিন্ন সমস্যা থাকতে পারে, ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে; কিন্তু শেখ হাসিনার সরকার বিগত ছয় বছরে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, ক্রমাগত এর সম্প্রসারণ ও বিকাশ সাধন করেছে। এ পর্যন্ত এমন কোনো আইন তৈরি করা হয়নি, যেটা গণমাধ্যমের স্বাধীনতাকে সংকোচন করে কিংবা একজন পেশাদার সাংবাদিকের কর্মের স্বাধীনতাকে খর্ব করে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘এক দিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলব, অপর দিকে ইতিহাস বিকৃত করব, এটা হতে পারে না। সংবাদপত্রের স্বাধীনতার নাম-পুঁজি ব্যবহার করে ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য অনেক ক্ষেত্রে এখন গণমাধ্যম ব্যবহার হচ্ছে।’
বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে সভায় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য দেন শফিকুর রহমান, আকরাম হোসেন খান, আজিজুল ইসলাম ভূইয়া, কুদ্দুস আফ্রাদ, স্বপন কুমার সাহা, উৎপল কুমার সরকার, ফরিদা ইয়াসমীন প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিএফইউজের সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া।