গণমাধ্যম ও এনজিও কর্মীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের মণিরাজপুরে গত শুক্রবার সন্ধ্যায় বাল্যবিবাহের অনুষ্ঠানে কনেপক্ষের হামলায় গণমাধ্যমের স্থানীয় কর্মী ও মানবাধিকারকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন যোবায়ের আহাম্মেদ, তোফায়েল আহাম্মেদ ও আরজু মিয়া।পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, শহরের মণিরাজপুরের একটি বাসায় মাদারগঞ্জ উপজেলা সদরের একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ, গণমাধ্যমের স্থানীয় কর্মী ও মানবাধিকারকর্মীরা সেখানে যান। ওই বিয়ে নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে কনেপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে ইসলামিক টেলিভিশনের সংবাদকর্মী হাতেম আলী ও স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) উন্নয়ন সংঘের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সমন্বয়কারী জাহাঙ্গীর সেলিমসহ কয়েকজন আহত হন। হাতেমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় লোকজন ওই তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ওই তিন ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানিয়েছেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা ওই মামলার আসামি। তাঁদের গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।