গণমাধ্যম ও মানুষের চাপে দ্রুত বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সামিউল আলম রাজন (১৪) ও খুলনায় রাকিব (১২) হত্যা মামলার রায় দ্রুততম সময়ে হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে দেশের গণমাধ্যম ও মানুষের চাপ। শিশুহত্যার আরও যেসব মামলা সারা দেশে বিচারাধীন রয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে গণমাধ্যমের এ ভূমিকা অব্যাহত রাখতে হবে।
রাজন ও রাকিব হত্যা মামলার রায়ের পর গতকাল রোববার রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, বিচারসংশ্লিষ্ট ব্যক্তি ও শিশু অধিকারকর্মী—প্রত্যেকেই এ মন্তব্য করেছেন। গতকাল সিলেট মহানগর দায়রা জজ আদালত মাত্র ১৭ কার্যদিবসে রাজন হত্যা মামলার রায় দেন। আর খুলনার মহানগর দায়রা জজ আদালত মাত্র ১০ কার্যদিবসে বিচারের প্রক্রিয়া শেষ করে রাকিব হত্যা মামলার রায় ঘোষণা করেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, এত কম সময়ে রাজন ও রাকিব হত্যা মামলার বিচার শেষ হওয়া বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। আর এতে সবচেয়ে বড় অবদান হলো গণমাধ্যমের। ভিডিওতে আসামিদের দেখা গেছে, পুলিশের আর কোনো পথ ছিল না আসামিদের গ্রেপ্তার করা ছাড়া। আসামি পাই না, আসামি খুঁজতে হবে—এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অবকাশ তাদের ছিল না।
সব ঘটনায় গণমাধ্যমের একই ধরনের ভূমিকা রাখা সম্ভব নয়। শিশু হত্যাকাণ্ডের অন্যান্য বিচারাধীন মামলার কেন দ্রুত বিচার হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, গণমাধ্যমকে চাপ বজায় রাখতে হবে। এ ছাড়া কোনো উপায় নেই।
প্রথম আলোসহ দেশের সব গণমাধ্যমে রাজন হত্যাকাণ্ডের ঘটনা ভালোভাবে প্রচারিত হওয়ায় দেশবাসীর চাপ সৃষ্টি হয়েছে এবং এর ফলেই দ্রুত বিচার হয়েছে বলে মনে করেন রাজন হত্যা মামলা পরিচালনাকারী সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ। তিনি বলেন, ‘এটা সত্য, আরও অনেক মামলা বিচারাধীন আছে। কিন্তু রাজন হত্যা মামলা দেশে-বিদেশে যেভাবে আলোচিত হয়েছে, নৃশংস হত্যাকাণ্ডের দৃশ্য যেভাবে ভিডিওচিত্রে দেখা গেছে, তাতে সরকার, রাষ্ট্রপক্ষ ও আদালত মামলাটি অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছেন। এটা সংবিধানেও আছে যে কিছু কিছু মামলা গুরুত্বসহকারে দেখতে হয়। ওই হত্যাকাণ্ডের কারণে জনমনে যে বিক্ষুব্ধতার সৃষ্টি হয়েছে, তা প্রশমিত করতে হলে বিচার নিশ্চিত করতে হয়।’
সিলেটে বিচারাধীন শিশু সাঈদ হত্যা মামলারও দ্রুত বিচার শেষ হবে বলে আশা করেছেন মিসবাহউদ্দিন। তিনি বলেন, ‘ওই মামলায়ও অভিযোগ গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে ওই মামলারও বিচার শেষ করার জন্য চেষ্টা করব।’
দেশে শিশু অধিকার নিয়ে কাজ করে এমন ২৬৭টি উন্নয়ন সংস্থার সর্ববৃহৎ জোট বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুসারে, গত সাড়ে তিন বছরে সারা দেশে ৯৬৮টি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ২০১২ সালে ২০৯, ২০১৩ সালে ২১৮, ২০১৪ সালে ৩৫০ এবং চলতি বছরের জুলাই পর্যন্ত ১৯১টি শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে বেশির ভাগ মামলারই বিচার শেষ হয়নি।
দ্রুততম সময়ে রাজন ও রাকিব হত্যা মামলার বিচার শেষে রায় ঘোষণা হওয়ায় সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও শিশু কমিটির চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। পাশাপাশি শিশু হত্যার অন্য যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর দ্রুততম সময়ে বিচার শেষ করার দাবি জানিয়েছেন।
বিচারে দীর্ঘসূত্রতা কাটাতে সবচেয়ে বড় দায়িত্ব পুলিশকে নিতে হবে বলে মন্তব্য করেছেন শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ সহিদ মাহমুদ। তিনি বলেন, বেশির ভাগ মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন দিতে অনেক সময় লেগে যায়। পুলিশকে তদন্ত প্রতিবেদন সুচারুভাবে তৈরি করতে হবে এবং দ্রুততম সময়ে করতে হবে।
আবদুছ সহিদ আরও বলেন, মামলা সাজানোর ক্ষেত্রে পুলিশের যেমন সময় লাগে, আবার উদাসীনতা থাকে। সাক্ষী পাওয়া যায় না, এটাও বিচারিক দীর্ঘসূত্রতার আরেকটি কারণ। ভয়ভীতি, চাপ প্রয়োগ বা টাকা দিয়ে আপস করা প্রভৃতি কারণে সাক্ষী পাওয়া যায় না। একপর্যায়ে পুলিশ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেয়। এসব থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত পক্ষ থেকে যদি মামলা না-ও করে, তাহলে পুলিশকে বাদী হয়ে মামলা করতে হবে।