গণমাধ্যম কর্মীদের পক্ষপাতিত্বের বাইরে থাকতে হবে
মুক্ত গণমাধ্যমের স্বার্থেই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকদের মধ্যে বিভক্তি থাকায় এই পেশার উৎকর্ষ এবং বিরাজমান অনেক সমস্যার সমাধান হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের রাজনৈতিক পক্ষপাতিত্বেরও বাইরে থাকতে হবে।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সামনে রেখে আজ শনিবার উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ (ডব্লিউজেএনবি) আয়োজিত সেমিনারে আলোচকেরা এসব কথা বলেছেন। ধানমন্ডির ইএমকে সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ডব্লিউজেএনবি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তায় অনুষ্ঠিত ‘সাংবাদিকতার লক্ষ্য হোক বস্তুনিষ্ঠতা, জেন্ডার সমতা ও নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, গণমাধ্যমের ভেতরের শত্রুকে মোকাবিলা করার উপায় হলো-উপযুক্ত মালিকানার উপযুক্ত বিনিয়োগ। উপযুক্ত বেতন-ভাতায় বাছাই করা যোগ্য মানবসম্পদ দিয়ে মানসম্মত গণমাধ্যম গড়ে তোলা। কিন্তু বাইরের শত্রুকে নিয়ন্ত্রণের ক্ষমতা গণমাধ্যমকর্মীদের হাতে নেই। কিন্তু প্রভাবক হিসেবে ভূমিকা রাখতে পারে গণমাধ্যম।
প্যানেল আলোচনায় সম্প্রতি ফ্রান্সের ‘রিপোর্টারস স্যান্স ফ্রন্টিয়ার্স’ প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০১৪ এর উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল বলেন, এই ইনডেক্স অনুসারে বাংলাদেশে গণমাধ্যম এখনো পূর্ণ স্বাধীনতা পাচ্ছে না। আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক সেন্সরশীপ ও মালিকানার কারণে এই স্বাধীনতা ব্যাহত হচ্ছে। গণমাধ্যমের মালিকানার মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এটি সত্য কথা। এরপরও সংবাদকর্মী, রিপোর্টার বা সম্পাদককে সঠিক সংবাদ উপস্থাপনের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করতে হবে।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, প্রতিদিন সাংবাদিকদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। সাংবাদিকতার দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকার পরও দেশের অন্যান্য ইনস্টিটিউশনের চেয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান অনেক বেশি ভূমিকা রাখছে।
জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে দেশে নারীরা অনেক পিছিয়ে রয়েছে। নারীদের পিছিয়ে থাকলে চলবে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর সাংবাদিকদের স্বাধীনতা ও তাদের নিরাপত্তায় পেশাগত জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘আন্তর্জাতিক নারী সাহসিকতার পুরস্কার’ প্রাপ্ত একাত্তর টেলিভিশনের ক্রাইম রিপোর্টার নাদিয়া শারমিনকে নেটওয়ার্কের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সেমিনারে আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস ম্যাককনেল উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। সেমিনারটি সঞ্চালনা করেন নেটওয়ার্কের সমন্বয়কারী ও ভোরের কাগজের কূটনৈতিক প্রতিবেদক আঙ্গুর নাহার মন্টি।