গণমাধ্যম কেন লক্ষ্যবস্তু
গণমাধ্যমকর্মীদের ভয়ভীতি দেখানো, কাজে বাধা দেওয়া, হামলা চালিয়ে লাঞ্ছিত করা—এবারের তিন সিটি করপোরেশন নির্বাচনের এক নতুন বিষয়। এর আগে কোনো নির্বাচনে যে এমন ঘটনা একেবারেই ঘটেনি তা নয়। তবে এবার অতীতের সব ঘটনা ছাপিয়ে গেছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে সরকার-সমর্থকেরা প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের ভোটকেন্দ্রের কাছেই আসতে দেননি। প্রশাসনের সহযোগিতায় উন্মুক্ত কারচুপি করেছেন তাঁরা। কোথাও কোথাও কারচুপিতে অংশ নিয়েছেন কর্তব্যরত নির্বাচন কর্মকর্তা এবং সহযোগিতা করেছেন পুলিশ সদস্যরা।
এসব ঘটনার তথ্য ও চিত্র সংগ্রহ করতে গিয়ে অনেক গণমাধ্যমকর্মী নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন। প্রাথমিক তথ্যে এই সংখ্যা ২০ জন বলে জানা গেলেও পরে তা প্রায় ২৫ জন বলে জানা যায়। এর মধ্যে কোনো কোনো কেন্দ্রে তাঁদের মারধর করা হয়েছে। কোথাও তাঁদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। তাঁদের মুঠোফোন, পরিচয়পত্র, এমনকি টাকা-পয়সাও ছিনিয়ে নেওয়া হয়। কোথাও কোথাও ভোটকেন্দ্রে ঢুকতে জবরদস্তিমূলক বাধা দিয়েছেন সংবাদকর্মী ও ফটোসাংবাদিকদের। আগ্নেয়াস্ত্র দেখিয়েও সংবাদকর্মীদের কেন্দ্র থেকে বিতাড়নের নজির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় পুলিশ ছিল নির্বিকার।
এভাবে গণমাধ্যমকর্মীদের আক্রমণের লক্ষ্যবস্তু করার কারণ কী? এটা কি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বতঃস্ফূর্তভাবে ঘটে গেছে, নাকি পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ঘটানো হয়েছে?
বিষয়টি সম্পর্কে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে সরকারের অবস্থান ও বক্তব্য জানতে চাইলে তিনি গতকাল বুধবার কিছু বলতে রাজি হননি। পরে কোনো সময় এ বিষয়ে কথা বলতে পারেন কিংবা না-ও বলতে পারেন বলে জানান। সরকারের অন্য কোনো পর্যায়ের কোনো দায়িত্বশীল ব্যক্তিও প্রকাশ্যে এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।
তবে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের অভিমত, নির্বাচনে যে কারচুপি করা হবে, তা সরকারের সংশ্লিষ্টরা জানতেন। তাই সে ঘটনা যেন প্রকাশ না পায়, তা নিশ্চিত করার জন্যই গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। তাঁদের ওপর হামলা করা হয়েছে। তাঁরা বলেন, সরকার চাপ সৃষ্টি করে কোনো কোনো গণমাধ্যমকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছে। নির্বাচনে কারচুপির খবরাখবর পরিবেশনের সময় ইলেকট্রনিক মাধ্যমের প্রচার বিঘ্নিত করার ঘটনাও দেখা গেছে। যাঁদের এভাবে নিয়ন্ত্রণ করা যায়নি, তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। আমরা সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালনের অধিকার চাই। পাশাপাশি পেশাগত পরিচয়ের আড়ালে কেউ উদ্দেশ্যমূলক কিছু করেছেন কি না, তা-ও তদন্ত করে দেখা দরকার। ভোটকেন্দ্রে একজন সাংবাদিকের যা করার কথা নয় তা করে কিংবা যেখানে যাওয়ার কথা নয় সেখানে গিয়ে হেনস্তা হয়েছেন কি না, তাও খুঁজে দেখতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান প্রথম আলোকে বলেন, এগুলো গণমাধ্যমের প্রতি সন্ত্রাসী আচরণ। নির্বাচন হচ্ছে একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। নির্বাচনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনও সেই একই গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। সেখানে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
বিষয়টি সম্পর্কে রাজনৈতিক দলগুলোর অবস্থান জানার জন্য সরকারি দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।
বিষয়টি বিএনপি কীভাবে দেখছে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গণমাধ্যম যখনই সত্য অনুসন্ধানের চেষ্টা করে তখনই যাঁরা সত্যকে লুকাতে চান, নিজেদের অন্যায়-অপরাধ ঢাকতে চান, তাঁরা গণমাধ্যমের ওপর চড়াও হন। মঙ্গলবারের সিটি করপোরেশন নির্বাচনের দিনও তা-ই হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি সিটি করপোরেশন নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন গতকাল এক বিবৃতিতে বলেছেন, গণমাধ্যমকর্মীদের ওপর এই হামলার দায়ভার কোনোভাবেই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না। এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পথ যেমন রুদ্ধ করবে তেমনি গণমাধ্যমে সৃষ্টি করবে ভীতিকর পরিস্থিতি, যা কোনোভাবেই সাংবাদিকেরা মেনে নেবেন না। তাঁরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁরা এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।