গণমাধ্যম নিরপেক্ষ না হলে গ্রহণযোগ্যতা পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। তারা কোনো দলীয় পত্রিকা পড়তে চায় না। তারা চায় স্বাধীন ও নিরপেক্ষ সংবাদপত্র। পত্রিকা নিরপেক্ষ না হলে গ্রহণযোগ্যতা পায় না। তাই গণমাধ্যমকেও দায়িত্বশীল হতে হবে। আর সরকারকে মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। তবে গণমাধ্যমের স্বাধীনতা মানে মালিকের স্বাধীনতা নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বাধীনতা।‘তথ্যের অধিকার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা ও অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, আজকাল অনেক বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক তাঁদের মুখপত্র হিসেবে সংবাদপত্র বের করেন। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা মানে এই মালিকের স্বাধীনতা নয়, সাংবাদিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বাধীনতা। গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেশির ভাগ সংবাদপত্রই গুজব-কাহিনি দিয়ে ভরা থাকে, তথ্যমূলক থাকে না—এমন হওয়া উচিত নয়।গওহর রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এ ছাড়া শক্তিশালী গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা খুবই জরুরি। তিনি আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা না থাকলে কোনো সভ্যতার বিকাশ হতে পারে না।অনুষ্ঠানের প্রধান আলোচক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশের পাঠকেরা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র পড়তে চায়। দলীয় কয়েকটি পত্রিকা থাকলেও সেগুলো সেভাবে বিক্রি হয় না। এমনকি দলীয় কর্মীদের কাছেও না। এ থেকেই প্রমাণিত হয়, গণমাধ্যম নিরপেক্ষ না হলে পাঠক-দর্শকের কাছে তা গ্রহণযোগ্যতা পায় না। কাজেই সংবাদপত্রকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে।মতিউর রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে সংবাদপত্রগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের রাজনীতি-অর্থনীতিসহ অনেক ক্ষেত্রে অনেক সমস্যা আছে। সংবাদপত্র সেগুলো তুলে ধরবে। ভালো কাজ করলে সরকারকে ভালো, আর খারাপ কাজ করলে খারাপ বলবে। সরকারকে এসব থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, ‘আমাদের বিজ্ঞাপন কমানো, হুমকি-ভয়ভীতি প্রদর্শনসহ নানা চাপের মধ্যে কাজ করতে হয়। কিন্তু সাংবাদিকদের ভয় পেলে চলবে না। সবকিছুর পরও সংবাদপত্র সরকারের ভুলত্রুটিগুলো সম্পর্কে লিখে যাবে। কারণ আমাদের দায়িত্ব পাঠকের কাছে দায়বদ্ধ থাকা।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি এম হাফিজউদ্দিন খান। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতেই হবে। গণতন্ত্রের জন্য এটি জরুরি। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার চেষ্টা করলে এর প্রতিবাদ করতে হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরিন, শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।অনুষ্ঠানে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তিনজনকে পুরস্কার দেয় টিআইবি। এবার জাতীয় পর্যায়ে দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদক ইমরান হোসেন, আঞ্চলিক পর্যায়ে খুলনার দৈনিক অনির্বাণ-এর মোহাম্মদ নূরুজ্জামান এবং টেলিভিশন সাংবাদিকতায় এনটিভির সুলতানা রহমান পুরস্কার পেয়েছেন।