গণমাধ্যম পর্যবেক্ষণে 'মনিটরিং সেন্টার' হচ্ছে: তথ্যমন্ত্রী
গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদ পর্যবেক্ষণের জন্য ‘মিডিয়া মনিটরিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল বুধবার সংসদে সরকারি দলের সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
তবে এই কেন্দ্রের ধরন, কাঠামো বা কাজ কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তথ্যমন্ত্রী। এ নিয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও এ সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাওয়া যায়নি।
তবে তথ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, কয়েক মাস ধরে তথ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছিল। এর আগে তথ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেছিলেন, যদি এমন কোনো উদ্যোগ নেওয়া হয়, তাহলে জানতে পারবেন। গতকাল মন্ত্রী সংসদে এ বিষয়টি প্রকাশ করেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি কমিটি কাজ করছিল। মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি দেশে কীভাবে গণমাধ্যম নজরদারি করা হয়, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে।
গত বছরের ২৮ জুন অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ‘তথ্যভান্ডার স্থাপন ও মিডিয়া মনিটরিং’ শিরোনামে আলোচ্যসূচিতে বলা হয়, মিডিয়া মনিটরিংয়ের বিষয়ে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের জন্য তথ্যমন্ত্রীর নেতৃত্বে একটি টিম শ্রীলঙ্কা সফর করেছে।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যম বিষয়ে তিনটি আইন ও নীতি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে টেলিভিশন চ্যানেলগুলোর জন্য সম্প্রচার আইন প্রণয়ন, ছাপা পত্রিকার জন্য প্রেস কাউন্সিল আইন সংশোধন এবং অনলাইন পত্রিকাগুলোর জন্য অনলাইন নীতিমালা। এগুলোর বিভিন্ন দিক নিয়ে আলাপ-আলোচনার মধ্যেই তথ্যমন্ত্রী মনিটরিং সেন্টার স্থাপনের ঘোষণা দিলেন।
গতকাল সংসদে তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে। এসব গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে সরকার আশা করে। তবে স্বাধীনতা ভোগের নামে অনেক গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু ব্লগ ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িকতার পক্ষে লেখালেখি করছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে কারও কারও লেখায় ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসে আঘাত লাগে। এ ধরনের লেখালেখি আইনবিরোধী। ধর্মীয় অনুভূতি বা বিশ্বাসে আঘাত করে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র ও উসকানির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
একই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কিছু কিছু মিডিয়া ও ব্লগ হিন্দু, মুসলিম ও অন্যান্য ধর্মবিশ্বাসের বিরুদ্ধে লেখালেখি করে সমাজে আস্তিক-নাস্তিক বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।
মন্ত্রী আরও জানান, অনলাইনভিত্তিক পত্রিকার ক্ষেত্রে প্রয়োজনীয় নজরদারির জন্য ‘অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা’ প্রণয়ন করা হচ্ছে। এই নীতিমালার মাধ্যমে অনলাইন পত্রিকাকে নিবন্ধনের আওতায় এনে একটি ডেটাবেইস তৈরি করা হবে বলেও জানান মন্ত্রী।
বর্তমান সরকার সব নাগরিকের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসকে সম্মান করে বলে জানান হাসানুল হক ইনু। তিনি বলেন, সরকারের পদক্ষেপে হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও আস্তিক-নাস্তিক বিভেদ সৃষ্টির মতো পরিস্থিতির উদ্ভব হয়নি। সবাইকে মনে রাখতে হবে, বাংলাদেশ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এখানে সবাই ধর্মীয় স্বাধীনতা ভোগ করে দেশ গঠনে কাজ করে যাচ্ছে।
জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমানে দেশে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ৪৩০।