গণমাধ্যম-প্রশাসনের যৌথ কার্যক্রমে দুর্যোগ মোকাবিলা সহজ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বক্তারা
প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বক্তারা

গণমাধ্যমের জোরালো ভূমিকার কারণেই মানুষের সচেতনতা বেড়েছে। আর এজন্য বাংলাদেশে ঘূর্ণিঝড়, বন্যার মতো দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে এসেছে। তবে গণমাধ্যম ও প্রশাসন একসঙ্গে কাজ করলে জনসচেতনতা বাড়বে এবং দুর্যোগ মোকাবিলা সহজ হবে।
আজ দুপুরে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো আয়োজিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৪ উপলক্ষে এ বৈঠকের সহযোগিতায় ছিল কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি)।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বৈঠকে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ডিন ফ্যাকাল্টি অব এনভায়রনমেন্টাল সায়েন্স এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভারনাবিলিটি স্টাডিজের পরিচালক মাহবুবা নাসরিন, বুয়েটের সহকারী অধ্যাপক আফসানা হক, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শামসুর রহমান, সিডিএমপির পরিচালক পিটার মিডওয়ে এবং সিডিএমপির জাতীয় পরামর্শক আবদুল লতিফ খান।

সচিব মেজবাহ উল আলম বলেন, ‘গত বছর মহাসেন নামে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় ১১ লাখ উপকূলবাসীকে সরাতে পেরেছিলাম। সামর্থ্য বৃদ্ধি পেলে ভূমিকম্প, ভবনধসের মতো দুর্যোগ মোকাবিলা করা যাবে। বাণিজ্যিক ও সামাজিক দায়বদ্ধতার দিক দিয়ে এ ক্ষেত্রে গণমাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে।’
গণমাধ্যমের কার্যক্রমে দুর্যোগে প্রাণহানি কমে এসেছে উল্লেখ করে সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭০ সালে সাইক্লোনের সময় বহু প্রাণহানি হয়েছিল। কিন্তু এখন বন্যা, ঘূর্ণিঝড়ের আঘাত মোকাবিলা করে কীভাবে বাঁচতে হয়, বাংলাদেশের মানুষ তা দেখিয়ে দিয়েছে। তবে শক্তিশালী ভূমিকম্প হলে আমার ধারণা ঢাকা শহরে ৯০ ভাগ মানুষ মারা যাবে। গণমাধ্যমই সরকারকে সচেতন করেছে। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে?’
দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় কমিটিতে গণমাধ্যমের প্রতিনিধি রাখার ওপর জোর দেন মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অনেক টাকা নয়-ছয় হয়েছে। এসির ঠান্ডা বাতাসে নয়, দুর্যোগপ্রবণ এলাকায় এ ধরনের বৈঠক আয়োজন করলে সচেতনতা বাড়ত।’
বুয়েটের সহকারী অধ্যাপক আফসানা হক বলেন, ‘জলাশয় ভরাট, ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে মনুষ্যসৃষ্ট দুর্যোগ হচ্ছে। এসব প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পারে গণমাধ্যম। তবে দুর্যোগ-আক্রান্ত এলাকায় আইনশৃঙ্খলার বিষয় উঠে আসে। অনেক সময় গুজব ছড়িয়ে যায়। তাই এসব কাজ করার আগে গণমাধ্যমের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে।’
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন উন্নত বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, উল্লেখ করে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ২০০৭ সালে সিডরের সময় প্রথম আলোসহ অন্য গণমাধ্যম কাজ করেছিল। গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ওপর ভবিষ্যত্ করণীয় নির্ধারণ করা যেতে পারে।’