সম্প্রচার নীতিমালা কণ্ঠরোধ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ শনিবার বিকেলে সম্পাদক পরিষদের ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভা শুরু হয়। ছবি: মনিরুল আলম
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ শনিবার বিকেলে সম্পাদক পরিষদের ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভা শুরু হয়। ছবি: মনিরুল আলম

সম্প্রতি পাস হওয়া সম্প্রচার নীতিমালা কণ্ঠরোধ করবে বলে মনে করেন দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। এ জন্য তাঁরা এ নীতিমালাকে প্রত্যাখ্যান করে বলেছেন, গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিরাই নীতিমালা বা আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নিতে পারেন।

আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্পাদক পরিষদ আয়োজিত ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন।

সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘এ ধরনের কোনো আচরণবিধি করা যায় কি না, সম্পাদক পরিষদের আগামী সভায় এ বিষয়ে আলোচনা হবে।’

সম্পাদক পরিষদের ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য রাখছেন আমীর-উল-ইসলাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম
সম্পাদক পরিষদের ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য রাখছেন আমীর-উল-ইসলাম। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম

আলোচনা সভায় প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা বিপদের মধ্যে আছি। এর মধ্যে এ সম্প্রচার নীতিমালা আরেকটি নতুন বিপদ। এটাকে আপদও বলা যায়। আশা করব, সম্পাদক পরিষদ এ চ্যালেঞ্জকে মোকাবিলা করবে।’ তিনি বলেন, গণমাধ্যমের ওপর যে আক্রমণ হচ্ছে, এটার একটা বড় কারণ হলো সাংবাদিকদের মধ্যে ঐক্য নেই। এই বিভাজন দুঃখজনক।

সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘এ সম্প্রচার নীতিমালা অপ্রত্যাশিত। এটা কণ্ঠরোধ করবে। এমনিতেই গণমাধ্যম নিয়ন্ত্রিত। মালিক নিয়ন্ত্রণ করেন, যাঁরা বিজ্ঞাপন দেন তাঁরা নিয়ন্ত্রণ করেন, আবার সরকার আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রণ করে। এই নীতিমালা অত্যন্ত ভয়ংকর, এটা প্রত্যাখ্যান করা দরকার।’

‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য রাখছেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। ছবি: মনিরুল আলম
‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক সভায় বক্তব্য রাখছেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। ছবি: মনিরুল আলম

অনুষ্ঠানে আরও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের শিক্ষক গোলাম রহমান, বিশিষ্ট আইনজীবী আমীর-উল-ইসলাম, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সাধারণ সম্পাদক শাইখ সিরাজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, অপর অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মুনএম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের চেয়ারম্যান এ জে শফিউল আলম ভুঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা প্রমুখ।

সভায় মূল আলোচনার সূত্রপাত করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সভা পরিচালনা করেন দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার। অনুষ্ঠানে গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।