চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার, গণমাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকদের পুলিশ দিয়ে দমন-নিপীড়ন করে সরকার মানুষের ভাষা কেড়ে নিচ্ছে। এই জুলুমবাজ সরকারকে হটাতে হলে কুমিল্লা জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ঐক্য থাকতে হবে। তবেই কুমিল্লা থেকে সরকার পতনের আন্দোলন জোরদার করা যাবে। গতকাল শনিবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপি আয়োজিত এক গণ-অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লার সন্তান খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ারের মুক্তির দাবিতে ওই গণ-অনশন হয়। কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে। সকাল ১০টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ওই গণ-অনশন শুরু হয়। এতে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম, বিএনপির সাবেক সাংসদ আনোয়ারুল আজীম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আমীরুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার। বেলা তিনটায় প্রধান অতিথি ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করান।মেয়রপক্ষের সঙ্গে আলাদা বৈঠক: বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর অনুসারীদের সঙ্গে বৈঠক করেন। দুপুর ১২টায় কুমিল্লা শহরতলির মিয়ামি রেস্তোরাঁয় ওই বৈঠক হয়। ঘণ্টাব্যাপী আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, আবদুল গফুর ভূঁইয়া, মোহাম্মদ ইউনুস, মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, শহর বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ চৌধুরী ফারুক ও শহর বিএনপির সাবেক সদস্যসচিব হুমায়ুন কবীর।বৈঠক সম্পর্কে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘বিএনপির ঢাকার মহাসমাবেশ সফল করতে আমীর খসরু ভাই আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি দলকে ঐক্যবদ্ধভাবে পরিচালনার তাগিদ দেন।’