গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র নিরাপদ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র এখনো নিরাপদ নয়। গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ না দেওয়া পর্যন্ত গণমাধ্যম নিরাপদ হবে না। গণমাধ্যম যত শক্তিশালী হবে, গণতন্ত্র তত নিরাপদ হবে। গণমাধ্যম হচ্ছে জাতির আয়না। সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও দায়িত্ব, এই আয়না মুছে ঝকঝকে করে রাখা।গতকাল শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। জেলা জাসদের সভাপতি কলন্দর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাতীয় সংসদে সরকারদলীয় চিফ হুইপ মো. আব্দুস শহীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মোয়াজ্জেম হোসেন, নারী জোটের কেন্দ্রীয় সভাপতি আফরোজা হক, জাসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ প্রমুখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ। মতবিনিময়ে বক্তৃতায় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের গায়ে কিছু ঐতিহাসিক আবর্জনা লেগে আছে। ফখরুদ্দীন-মইনুদ্দিনরা আধা সামরিক শাসন চালিয়ে দেখিয়ে দিলেন, আমাদের গণতন্ত্র এখনো নিরাপদ হয়ে ওঠেনি। মহাজোট গণমাধ্যমবান্ধব সরকার। এই সরকার গণমাধ্যমকর্মী ও গণমাধ্যমের জন্য একের পর এক উদ্যোগ নিচ্ছে।’সংসদে মণিপুরিদের সংরক্ষিত আসনসহ ১৪ দাবিতে সঞ্চারকলিপি: জাতীয় সংসদে মণিপুরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক পুরুষ ও নারী আসন সংরক্ষণসহ ১৪ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে সিলেটে মণিপুরিদের প্রাচীন সংগঠন মণিপুরি সমাজ কল্যাণ সমিতি (বামসকস)। গতকাল শুক্রবার সংক্ষিপ্ত সফরে তথ্যমন্ত্রী সিলেটে এলে সিলেট সার্কিট হাউসে তাঁর হাতে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে সব ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযুদ্ধে মণিপুরি শহীদ ও বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্তকরণসহ বিভিন্ন দাবি জানানো হয়। তথ্যমন্ত্রী স্মারকলিপির দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের নজরে দিয়ে এ নিয়ে আলোচনার আশ্বাস দেন।