গণমাধ্যম শোধরাবে, আশা ইনুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি।
হাসানুল হক ইনু। ফাইল ছবি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমরা সমালোচনা সহ্য করব, কিন্তু মিথ্যাচার, তথ্য বিকৃতি কিংবা উসকানি সহ্য করব না। আশা করি গণমাধ্যম শুধরে যাবে।’ আজ বৃহস্পতিবার একটি বইয়ের প্রকাশনা উৎসবে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 
‘বাংলাদেশে হলুদ সাংবাদিকতা: প্রবণতা ও প্রকরণ’ শীর্ষক বইটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। একুশের বইমেলার শেষ দিনে বইটি মেলায় প্রকাশ হলেও আজ বইটির প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। 
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের ঘাটতি অগণতান্ত্রিক প্রবণতা, আর গণমাধ্যমের ঘাটতি হলুদ বা অপসাংবাদিকতা। ক্ষমতা ও স্বার্থ হাসিলের ক্ষেত্রে এখন অপসাংবাদিকতা বড় অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। তিনি বলেন, ‘হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতার রাজনৈতিক মাত্রা আমরা দেখেছি। এটা সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।’ মন্ত্রী বলেন, অপসাংবাদিকতার মতো দুর্বলতা সত্বেও গণমাধ্যম শক্তিশালী অবস্থায় রয়েছে। প্রকাশমান ও বিকাশমান অবস্থায় রয়েছে। গণমাধ্যম প্রহরীর ভূমিকায় থাকার কারণে সরকার দুর্নীতি মোকাবিলায় সক্ষম হচ্ছে। 
দেশের রাজনীতিবিদ ও গণমাধ্যমের কর্মীদের মধ্যে সময়ই আইনের ঊর্ধ্বে থাকার প্রবণতা রয়েছে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, বলা হয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করছে, কণ্ঠরোধ করা হচ্ছে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, গণতন্ত্রে সবাইকে আদালতে যেতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা সমালোচনা সহ্য করব, কিন্তু মিথ্যাচার, তথ্য বিকৃতি কিংবা উসকানি সহ্য করব না। এতদিন সমালোচনাও সহ্য করে চলেছি। এখনো নমনীয় আছি। আমরা আশা করি গণমাধ্যম শুধরে যাবে।’ 

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, অপসাংবাদিকতা শুধু সাংবাদিকতাকে নয়, দেশের সংবিধান, গণতন্ত্রকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, উদ্দেশ্য ও দুরভিসন্ধিমূলকভাবে সাংবাদিকতাকে অতিমাত্রায় দলীয়করণ ও বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, মূল ধারার সাংবাদিকতাকে ধ্বংস করছে হলুদ সাংবাদিকতা। রাষ্ট্রের অস্তিত্বের ওপর হুমকিস্বরূপ এমন খবরও সংবাদপত্রের পাতায় ছাপা হচ্ছে।
প্রথম আলোর উপসম্পাদক সোহরাব হাসান বলেন, সরকারের দুর্নীতির খবর ছাপা হলে সাংবাদিকদের ধরে নিয়ে যাওয়া হয়, নির্যাতন করা হয়। অপ সাংবাদিকদের জেলে নেওয়া হয় না। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, বাংলাদেশে যেসব সাংবাদিক জেলে আছেন তাঁরা সৎ সাংবাদিক। এ সময় তাঁকে থামিয়ে দিয়ে এ ধরনের একজন সাংবাদিকদের নাম জানতে চান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একই সময়ে অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ-সমর্থিত সাংবাদিক সংগঠনের একজন নেতার নেতৃত্বে ওই সংগঠনের কয়েকজন হইচই শুরু করেন।
পিআইবির পরিচালনা বোর্ডের সভাপতি হাবিবুর রহমান মিলনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার মহাপরিচালক শাহ আলমগীর, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক আবু সাঈদ খান, বইয়ের রচয়িতা শান্তনু চৌধুরী প্রমুখ।