গণমাধ্যম সঠিক পথে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ গণমাধ্যম সঠিক পথে নেই। সাংবাদিকদের চেয়ে বেশির ভাগ ক্ষেত্রে মালিকদের স্বাধীনতা বেশি। অভিজ্ঞতা না থাকলেও মালিকেরা সম্পাদক হয়ে যাচ্ছেন। ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার দ্বারা গণমাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে।গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনেশিয়েটিভ (যাত্রী) কার্যালয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ‘সম্প্রচার সাংবাদিকতার এক যুগে কী পেয়েছি আমরা?’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ ও যাত্রী। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান খসড়া সম্প্রচার নীতিমালার কথা উল্লেখ করে বলেন, নীতিমালা থাকা ভালো। তবে নীতিমালা করলেই সব সমস্যার সমাধান হবে না। আইন করলেই সমাধান হয় না। সবচেয়ে বড় বিষয় হলো বিবেক। বিবেক অনুযায়ী কাজ না করলে আইন বা নীতিমালা প্রয়োগ হবে না।আকবর আলি খান মনে করেন, এ ধরনের নীতিমালা সরকারের জন্য ভালো হবে না। সরকার যত কণ্ঠ রোধ করার চেষ্টা করবে, তা অন্যত্র চলে যাবে।মন্ত্রিপরিষদের সাবেক এই সচিব দেশের অবস্থার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে সব ক্ষেত্রে খারাপ মানুষগুলো ভালো মানুষদের পরিচালিত করছে। এখানে দুষ্টের পালন আর শিষ্টের দমন হচ্ছে। সামগ্রিকভাবে এমন সমাজ করতে হবে, যেখানে ভালো লোক সামনে আসবে এবং খারাপ লোকের সাজা হবে।সাংবাদিক আবেদ খান বলেন, গণমাধ্যম এখন করপোরেট সংস্কৃতিতে পরিণত হয়েছে। করপোরেট আগ্রাসনের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। সাংবাদিকেরা পণ্যে পরিণত হয়েছেন। গণমাধ্যম সঠিক পথে নেই। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গেলে পুরো সুশীল সমাজকে ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক ইউনিয়ন এখন দলীয় হয়ে গেছে।আবেদ খান বলেন, ‘কালের কণ্ঠ আমার নামে ডিক্লারেশন (প্রকাশনা) ছিল। কিন্তু দখল হয়ে গেছে।’সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে গিয়ে বলেন, স্বাধীনতা কার—মালিক না সাংবাদিকদের? বেশির ভাগ ক্ষেত্রে মালিকের স্বাধীনতা হয়েছে।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, সম্প্রচার নীতিমালা নিয়ে আরও সংলাপ হওয়া উচিত।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারেক শামসুর রেহমান বলেন, সবাই সম্মিলিতভাবে এক হতে না পারলে পরিবর্তন হবে না। সম্প্রচার নীতিমালা যাতে জনমুখী হয়, সেই চেষ্টা করতে হবে। যাত্রীর প্রধান নির্বাহী জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা পরিমল মুৎসুদ্দি, তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, মিডিয়া মিউজিয়ামের ব্যবস্থাপনা পরিচালক এম এম বাদশাহ, সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল মৃধা, সাংবাদিক রাহুল রাহা প্রমুখ।