প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম গণমাধ্যমের সমালোচনা করে বলেছেন, গণমাধ্যম সত্য লেখে না ও প্রচার করে না।রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) শাখা উদ্বোধনকালে গত বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন। এইচ টি ইমাম বলেন, গণমাধ্যমের লেখায় ও প্রচারণায় মনে হয় গত সাড়ে তিন বছরে দেশে কিছুই হয়নি। তারা শুধু গল্প প্রচার করে। তিনি বুদ্ধিজীবীদের উদ্দেশে বলেন, তাঁরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশো করে বলেন, দেশে কিছুই হয়নি। তিনি টকশোতে অংশ নেওয়া বুদ্ধিজীবীদের গ্রামে এসে উন্নয়ন দেখে কথা বলতে বলেন। উদাহরণস্বরূপ তিনি তাঁদের বাগমারায় এসে উন্নয়ন দেখে যেতে বলেন। তিনি এসব বুদ্ধিজীবী সম্পর্কে সজাগ থাকার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এনামুল হক, জেলা প্রশাসক আবদুল হান্নান, রাকাবের কর্মকর্তা আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।