গণমাধ্যম সম্পর্কে ঢালাও মন্তব্যে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বিশেষ মামলার শুনানি চলাকালে সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে কোনো কোনো আইনজীবীর ঢালাও মন্তব্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আদালতে তলবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের দুটি সংগঠন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের নেতারা গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যা-নির্যাতন, এসব কাজে সম্পর্কিত দুর্বৃত্তদের বিচার না হওয়া বা গণমাধ্যম বন্ধ করে দেওয়াই গণমাধ্যমের স্বাধীনতার জন্য একমাত্র হুমকি নয়। কোনো পরোক্ষ কারণে গণমাধ্যম যখন পেশাগত দায়িত্ব পালনে অসহায় বোধ করে বা উৎকণ্ঠায় থাকে, সেটিও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।
বিএফইউজে ও ডিইউজের নেতারা মনে করেন, দেশের অন্য সব নাগরিকের মতোই সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নন। কোনো সুনির্দিষ্ট অভিযোগে গণমাধ্যম-সম্পর্কিত কোনো ব্যক্তির বিরুদ্ধে আইন তার নিয়মানুযায়ী চলবে—তা নিয়ে কোনো মতভিন্নতা নেই। কিন্তু পেশার বৈশিষ্ট্যের কারণেই সাংবাদিকেরা তাঁদের নানা কাজের জন্য রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সুরক্ষা প্রত্যাশা করেন। এই ভিত্তিতেই বাংলাদেশে গণমাধ্যম ও বিচার বিভাগের সুসম্পর্কের এক বিশাল ঐতিহ্য রয়েছে। নানা সীমাবদ্ধতা, সংকট সত্ত্বেও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে পরিচিত বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ পেশাদারির সঙ্গেই দায়িত্ব পালন করছে। কোনো ক্ষেত্রে বিচ্যুতি হলে তা সংশোধনের জন্য প্রেস কাউন্সিল কার্যকর রয়েছে। এ ছাড়া গণমাধ্যমের অভ্যন্তরীণ সম্পাদনা ও প্রাতিষ্ঠানিক নীতিমালা রয়েছে। সাংবাদিকেরা যাতে প্রতিনিয়ত প্রশিক্ষিত হতে পারেন, সে জন্য রাষ্ট্রীয়ভাবেই নানা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
সাংবাদিক নেতারা আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন পর্যন্ত আদালত অবমাননা বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পায়নি। বিচারব্যবস্থা এবং সম্মানিত বিচারকদের কৃতকার্য সম্পর্কে সংবাদ, প্রতিবেদন, ব্যাখ্যা ও বিশ্লেষণে গণমাধ্যমের এখতিয়ার কতটুকু—সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলে নিশ্চয়ই অনেক সমস্যার সমাধান হতে পারত। এ ধরনের নির্দেশনার অনুপস্থিতিতে গণমাধ্যম তাদের নিজস্ব বিবেচনা থেকেই আইন, বিচার, বিচারব্যবস্থা ও সম্মানিত বিচারকদের প্রতি সর্বময় আস্থা রেখেই তাদের পেশাগত দায়িত্ব পালন করে থাকে। তার পরও গণমাধ্যমের কোনো সংবাদ, প্রতিবেদন, ব্যাখ্যা বা বিশ্লেষণে কেউ আহত হলে, সেটি যে উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে; ঢালাওভাবে এমন মন্তব্য করার অবকাশ নেই।
বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের নেতারা বলেন, ‘আমরা মনে করি, সুনির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তি যেমন আইনি প্রক্রিয়াতেই হওয়া জরুরি, তেমনি রাষ্ট্রের সব স্তম্ভের মধ্যে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক যোগসূত্রের মাধ্যমে সমঝোতামূলক, সম্মানজনক পরিবেশ বজায় রাখাও গুরুত্বপূর্ণ। আশা করি, সংশ্লিষ্ট সবাই এই সত্য অনুধাবন করবেন।’
বিবৃতি দিয়েছেন বিএফইউজের দুই অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও রুহুল আমিন গাজী, ডিইউজের উভয় অংশের সভাপতি আলতাফ মাহমুদ ও আবদুল হাই শিকদার। বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান।