সার্বিক সহযোগিতার আশ্বাস চাওয়ায় যোগাযোগমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে টিআইবি। গতকাল মঙ্গলবার যোগাযোগমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে টিআইবি এ ধন্যবাদ জানায়।বিবৃতিতে বলা হয়, এ ধরনের মূল্যায়নের জন্য যেরূপ তথ্য ও সম্পৃক্ততা প্রয়োজন, তার নিশ্চয়তা দরকার। তা ছাড়া উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কার্যপরিধি প্রণয়ন সাপেক্ষে টিআইবি যথাযথ পদক্ষেপ নিতে আগ্রহী।টিআইবি বলেছে, চিঠিতে ‘কতিপয় গণমাধ্যম’ কর্তৃক ‘যোগাযোগ মন্ত্রণালয়ের কথিত দুর্নীতি’ বিষয়ে ‘অসত্য ও উদ্দেশ্যমূলক’ এবং ‘অসত্য প্রচারণা’র যৌক্তিকতা অনুসন্ধান করতে বলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে টিআইবি মনে করে, গণমাধ্যম সম্পর্কে মন্ত্রী মহোদয়ের এরূপ অবস্থান মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্বচ্ছতা সম্পর্কে তাঁর দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।বিবৃতিতে বলা হয়, মন্ত্রী কর্তৃক যোগাযোগ মন্ত্রণালয়ের তিন সচিব বরাবরে লিখিত তাঁর অনানুষ্ঠানিক নোট এবং পদ্মা সেতু বাস্তবায়ন-প্রক্রিয়ার একটি ঘটনাপঞ্জি সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু ওই দুটি সংযুক্তির কপি টিআইবি পায়নি। বিজ্ঞপ্তি।