গণমাধ্যম সামাজিক চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনামের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনামের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক l ছবি: প্রথম আলো

গণমাধ্যমকে একটি দেশের সামাজিক চিকিৎসক ও সার্বক্ষণিক পাহারাদার হিসেবে অভিহিত করেছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি বলেছেন, স্বাধীন গণমাধ্যম ছাড়া দেশ, সমাজ ও গণতন্ত্রের উন্নয়ন বা বিকাশ সম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘টেকসই উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক বক্তৃতায় মাহ্ফুজ আনাম এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নাজমুল করিম স্টাডি সেন্টার এই বক্তৃতার আয়োজন করে। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক নেহাল করিম স্বাগত বক্তব্য দেন।
নির্ধারিত বিষয়ের ওপর মূল বক্তা ছিলেন মাহ্ফুজ আনাম। তিনি বলেন, মানুষ পয়সা খরচ করে চিকিৎসক দেখান। চিকিৎসক ১০-১৫টা পরীক্ষা করান। নিজের পয়সা খরচ করে মানুষ নিজের খারাপ খবরটা জানার জন্য দৌড়ে যাচ্ছেন। যত তাড়াতাড়ি খারাপ খবরটা জানতে পারবেন, তত তাড়াতাড়ি প্রতিষেধক দিতে পারবেন। তিনি বলেন, ‘গণমাধ্যমও একপ্রকার সোশ্যাল ডক্টর (সামাজিক চিকিৎসক)। তারাও সবাইকে জানায়, এখানে ভুল হয়েছে, এখানে দুর্নীতি হয়েছে।’
ডেইলি স্টার সম্পাদক বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচিত সরকার পাওয়া যায়। কিন্তু দুটি নির্বাচনের মাঝামাঝি সময়ে সরকার কীভাবে চলবে বা তাদের কী কী করা উচিত, সেটা একজন ভোটার কীভাবে সরকারকে জানাবে? এই দুই পক্ষের নৈকট্য ঘটিয়ে গণমাধ্যম টেকসই উন্নয়নের দিকে সমাজকে নিয়ে যেতে চায়।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে আরেফিন সিদ্দিক বলেন, ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থ যেন উন্নয়ন ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে গণমাধ্যমকে সচেতন থাকতে হবে।