একটি বিশেষ গোষ্ঠী সাংবাদিকদের ওপর একের পর এক হামলা-আক্রমণ করছে। সাংবাদিকেরা যাতে সঠিক খবর পরিবেশন না করেন, সে জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হয়। এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হলে বারবার এসব ঘটনা ঘটতে থাকবে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি— সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়াসহ মিডিয়া কর্মীদের ওপর হামলা-আক্রমণ চলছে। তাঁদের হত্যা করা হচ্ছে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো বিষয়ে প্রতিকার চাওয়া হলে তিনি গঠনমূলক কোনো বক্তব্য না দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। অনেক সময় চোর-ডাকাত বলেও আখ্যায়িত করেন।’ তিনি সাংবাদিক নির্যাতন বিষয়ে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন। তাঁর বক্তব্যের পর স্পিকার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন কি না, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে আশা করি, সরকার এসব বিষয়ে আরও যত্নবান হবে। আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা নেবে।’