গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠনের দাবি বিএফইউজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমকর্মীদের জন্য নতুন বেতনকাঠামো ও বাংলা নববর্ষে উৎসব ভাতা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের একাংশের জাতীয় নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানানো হয়েছে।
সভায় সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো ও নববর্ষ উৎসব ভাতা ঘোষণার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
বিএফইউজের জাতীয় নির্বাহী পরিষদের সভার প্রস্তাবে বলা হয়, গণমাধ্যমকর্মীরা একই রাষ্ট্রকাঠামো ও একই বাজারব্যবস্থার মধ্যেই বসবাস করেন। তাই অবিলম্বে গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড গঠন এবং নতুন বেতন ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। নতুন রোয়েদাদ যাতে ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের জন্যও কার্যকর করা যায়, সে জন্য ইলেকট্রনিক মাধ্যমের জন্য অবিলম্বে পৃথক বেতনকাঠামো ঘোষণার দাবি জানানো হয়েছে। সভায় আগামী পয়লা বৈশাখে যাতে গণমাধ্যমকর্মীরা নববর্ষের উৎসব ভাতা পেতে পারেন, তা নিশ্চিত করতে গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
বিএফইউজের ওই সভায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক-কর্মচারী ছাঁটাই বন্ধ, নিয়মিত বেতন-ভাতা পরিশোধসহ বকেয়া সব পাওনা পরিশোধের দাবি জানানো হয়েছে। এ ছাড়া সভা থেকে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করারও দাবি জানানো হয়।
আগামী ২৮ নভেম্বর বিএফইউজের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ সাংবাদিক আবু তাহেরকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অঙ্গ সংগঠনগুলোকে ২৫ অক্টোবরের মধ্যে ভোটার তালিকা, কাউন্সিলর তালিকা ও গঠনতন্ত্র সংশোধন প্রস্তাব মহাসচিবের কাছে পাঠাতে হবে।
বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া। সভায় অংশ নেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার ও যশোর সাংবাদিক ইউনিয়নের নেতারা। বিজ্ঞপ্তি।