গণমাধ্যমকর্মীদের ভরসা করছেন নওশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের ওপরেই বেশি ভরসা করছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থীর একজন নওশাদ জমির। গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নওশাদ জমির বলেন, ‘এই নির্বাচন আমাদের তথা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে মূলত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তবে আমাদের আশঙ্কা কিন্তু রয়েই গেছে। এ মুহূর্তে অন্যতম ভরসা গণমাধ্যমকর্মীরা। মূলত তাঁরাই পারেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আসল সত্যটা তুলে ধরতে।’

পঞ্চগড়ের বিএনপির সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে নওশাদ জমির বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কেন্দ্র থেকে পঞ্চগড়-১ আসনে আমিসহ দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। কেন্দ্র যাঁকে চূড়ান্ত মনোনীত করবে, দলের সব নেতা-কর্মী তাঁর পক্ষেই কাজ করবেন। এখানে বিএনপি সংঘবদ্ধ আছে এবং আমরা সবাই ধানের শীষের জন্য কাজ করব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা নিশ্চয়ই এই আসন উদ্ধার করতে পারব।’

সভায় অন্যদের মধ্যে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আদম সুফি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম আখতারুজ্জামান শাহজাহান, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সফিউজ্জামান পাটোয়ারী রুবেল, বিএনপির নেতা আবদুল আলিম খান, শাহজাহান খানসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত অপর প্রার্থী পঞ্চগড় পৌরসভার পাঁচবারের মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম।