দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে পুলিশ যাতে বিরোধে না জড়িয়ে পড়ে, সে জন্য সতর্ক থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ। আইনজীবী, সংবাদকর্মীসহ বিভিন্ন মানুষকে মারধরের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল বুধবার এক জরুরি বৈঠকে কমিশনার এ নির্দেশ দেন। এ সময় পুলিশের নিচের স্তরের অনেক কর্মকর্তা সাংবাদিকদেরও কড়া সমালোচনা করেন। ঢাকা মহানগর কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনা ঘটেছে। কেন এবং কোন পরিস্থিতিতে এসব ঘটেছে, তা জানতে গতকাল এ বৈঠক ডাকা হয়। তিনি বলেন, সবাইকে বলা হয়েছে এমন কাজ করতে হবে, যাতে সংবাদপত্রে পুলিশের কোনো নেতিবাচক ছবি না ছাপা হয়। মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকালের বৈঠকে ঢাকা মহানগর পুলিশের সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার থেকে শুরু করে সব স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। বিকেল চারটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত বৈঠক চলে। কমিশনার বলেন, পরিস্থিতি যা-ই হোক, কোনোভাবেই কোনো ঘটনা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। গণমাধ্যমের সঙ্গে কোনোভাবেই বিরোধে জড়ানো যাবে না। কোনো ঘটনা ঘটলে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর নির্দেশ দেন কমিশনার।