গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
কমিউনিটি রেডিও নলতার স্টেশন ব্যবস্থাপক আবু সুফিয়ানের ওপর হামলার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে একই দাবিতে এক সমাবেশ অুনষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন নলতা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল ফজল, কর্মসূচি সমন্বয়ক আহসান জাকির, স্বেচ্ছাসেবক সুকুমার দাস, জি এম মুজিবর রহমান, হায়দার আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আবু সুফিয়ানের ওপর হামলাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করতে হবে। তা না হলে রেডিও নলতার স্বেচ্ছাসেবকেরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। এর আগে সকাল নয়টায় কমিউনিটি রেডিও নলতা স্বেচ্ছাসেবক একই দাবিতে রেডিও নলতার মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে রেডিও নলতার সমন্বয়কারী সেলিম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক রেজাউল করিম, আনোয়ার হোসেন, আবদুল আহাদ প্রমুখ। গত ২৩ এপ্রিল সকালে একদল দূর্বৃৃত্ত আবু সুফিয়ানের সাতক্ষীরা শহরতলির বেনেরপোতা এলাকার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আবু সুফিয়ানকে মারধর করে আহত করে। তারা বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও লুট করে নিয়ে যায়।