গণমাধ্যমকর্মীরাও আইনের ঊর্ধ্বে নন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি।
হাসানুল হক ইনু। ফাইল ছবি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজনীতিবিদ এবং সমাজকর্মীরা আইনের ঊর্ধ্বে না হলে গণমাধ্যমকর্মীরাও আইনের ঊর্ধ্বে নন। সাধারণ মানুষ ও গণমাধ্যমের অধিকার রক্ষার্থে সব অপরাধীকে আইনের খোঁয়াড়ে আনতে সরকার বদ্ধপরিকর। দুষ্কর্ম করলে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
আজ রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের (বনপা) উদ্যোগে বাংলাদেশের উন্নয়নে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অনলাইন সংবাদ পোর্টালগুলোর ওপর সরকারের সমর্থন রয়েছে জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা চাই ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন পোর্টালগুলো জীবন্ত থাকুক।’ অনলাইন নীতিমালা বাস্তবায়নে বিশেষজ্ঞদের সঙ্গে বসে যথাযথ পদক্ষেপ ও অনলাইন গণমাধ্যমকর্মীদের স্বীকৃতির জন্য দ্রুত নিবন্ধনের ব্যবস্থা করা হবে বলেও সভায় জানান তথ্যমন্ত্রী।
গণমাধ্যমকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আখ্যা দিয়ে হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম কর্মীরা ভুল করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সুতরাং গণমাধ্যম কর্মীদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে। তিনি অনলাইন সংবাদকর্মীদের হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতা ও আগুন-বোমা থেকে যেমন দূরে থাকতে হবে, তেমনি সর্বোচ্চ দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদ প্রকাশ করতে হবে।
সভায় তথ্যপ্রযুক্তিবিদ ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক মোস্তফা জব্বার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। বনপার সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দেশের প্রায় ৩০টি অনলাইন পোর্টালের সম্পাদক-প্রকাশক উপস্থিত ছিলেন।