
গণমাধ্যম যাতে দায়িত্বশীল ভূমিকা পালন করে, সে জন্য জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে। এখন একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনে আইন হচ্ছে। নীতিমালায় অসম্পূর্ণতা থাকলে তা আইনের মাধ্যমে পূরণ করা হবে। গতকাল বুধবার সংসদে নির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
জাতীয় পার্টির নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রণয়নের জন্য ২০১২ সালের ১ নভেম্বর ১৬ সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কমিটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ এনজিও, আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন। কমিটি বিবিসিসহ পার্শ্ববর্তী দেশগুলোর নীতিমালা পর্যালোচনা করে খসড়া চূড়ান্ত করে।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ সালের সেপ্টেম্বরে খসড়া নীতিমালা সাধারণ মানুষের মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়। এতে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো), আর্টিকেল-১৯, টিআইবি, এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনস, কম্পিউটার সমিতি, পত্রপত্রিকাসহ বিভিন্ন প্রতিষ্ঠান মতামত দেয়। পরে এ-সংক্রান্ত কর্মশালায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মতামতের ভিত্তিতেই মন্ত্রণালয় চূড়ান্ত খসড়া তৈরি করে। পরে মন্ত্রিসভা গত ৪ আগস্ট সামান্য সংশোধনীসহ খসড়াটি অনুমোদন করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে। এখন সমালোচকেরা যেসব প্রশ্ন উত্থাপন করছেন, খসড়া চূড়ান্ত করার আগে তা করেননি। কাজেই আমরা আশা করি, এই নীতিমালা জারির ফলে গণমাধ্যম অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নীতিমালার ধারাবাহিকতায় একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠনে আইন প্রণয়নের কাজ চলছে। নীতিমালায় কোনো অসম্পূর্ণতা থাকলে আইনের মাধ্যমে তা পূরণ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে।’
পার্বত্য চুক্তি: আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি হলেও বিএনপি-জামায়াত জোট সরকারÿক্ষমতায় এসে এর বাস্তবায়ন বন্ধ করে দেয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে উপজাতিকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তারা অ-উপজাতিকে নিয়োগ দেয়। ওই সময় পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন অকার্যকর ছিল। এতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসে ঘাটতি তৈরি হয়। প্রধানমন্ত্রী জানান, শান্তিচুক্তিতে ৭২টি ধারা রয়েছে। এর মধ্যে ৪৮টি বাস্তবায়িত, ১৫টি আংশিক বাস্তবায়িত এবং নয়টি বাস্তবায়নাধীন রয়েছে।
একই দলের ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার বিরোধপূর্ণ সমুদ্র এলাকার মধ্যে আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল বাংলাদেশকে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকা দিয়েছে। কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের জন্য ২০০ একর জমি অধিগ্রহণ করা হয়। সেখানে ২০৫টি প্লট ১৫৫ জন উদ্যোক্তাকে বরাদ্দ দেওয়া হয়। এঁদের ১৪৯ জন লে-আউট পরিকল্পনা অনুমোদনের জন্য বিসিকে জমা দিয়েছেন। দুটি সংশোধনের জন্য ফেরত পাঠিয়ে বাকিগুলো অনুমোদন করা হয়েছে।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে মসলিন কাপড় তৈরি হয় না। তবে সোনারগাঁ, ডেমরা, রূপসী, তারাব, মিরপুর ও টাঙ্গাইলে মসলিনের অনুরূপ কাপড় তৈরি হচ্ছে। এই শিল্প রক্ষার জন্য তাঁত বোর্ড ১৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।
প্রশ্নপর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়।