গণমাধ্যমকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে শিশুদের নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। এ জন্য শিশু ও শিশুদের জীবনকে প্রভাবিত করে—এমন সব বিষয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে একটি আচরণবিধি থাকা দরকার। সাংবাদিকদের সেই আচরণবিধি ও নৈতিকতা মেনে চলা উচিত। ‘শিশুবিষয়ক প্রতিবেদনে নৈতিকতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ইউনিসেফ ও এমআইডিআই। সেমিনারে মূল গবেষণা প্রতিবেদন তুলে ধরে প্রধান গবেষক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা জানান, সংবাদমাধ্যমে শিশুবিষয়ক গবেষণাটি করতে গিয়ে ২০০৯ সালের তিন মাসে তাঁরা ১২টি জাতীয় সংবাদপত্র ও তিনটি টেলিভিশনের তিন মাসের সংবাদ বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ করে দেখেছেন, প্রতিদিন যত সংবাদ ছাপা হয়, তার মাত্র তিন শতাংশ শিশুবিষয়ক। আর শিশুদের নিয়ে যত সংবাদ প্রকাশিত হয় তার অধিকাংশই মৃত্যুবিষয়ক। এ ছাড়া অনেক সময়ই শিশুদের নাম ও ছবি ছাপা হয়। শিশুদের নিয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে একটি নীতিমালা থাকা উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। কিন্তু আমাদের সমাজে শিশুরা সেভাবে গুরুত্ব পায় না। এ কারণে শিশুরাও আমাদের গণমাধ্যমে গুরুত্ব পায় না। কিন্তু শিশুদের সম্মান ও মর্যাদা আছে। সেটি বুঝতে হবে। আর সংবাদ একটি পারিবারিক বিষয়। তাই শিশুরা সব ঘটনা দেখে। এগুলো তাদের ওপর প্রভাব ফেলে।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি ইউনিসেফের বাংলাদেশে প্রতিনিধি কারেল ডি রয় বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যার ৪৫ ভাগ শিশু অথচ গবেষণা প্রতিবেদন অনুসারে মাত্র তিন শতাংশ সংবাদ শিশুসংক্রান্ত। কাজেই শিশুদের নিয়ে আরও বেশি প্রতিবেদন হওয়া দরকার। ইউনিসেফের যোগাযোগ ও তথ্য বিভাগের প্রধান ক্রিস্টিন জলমস বলেন, ‘আপনারা যদি শিশুদের নিয়ে প্রতিবেদন করার সময় একটু ভাবতে পারেন, তারা আপনার সন্তান, তাহলেই প্রতিবেদনটি বদলে যেতে পারে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, এপির ব্যুরো প্রধান ফরিদ হোসেন, এটিএন বাংলার জ ই মামুন প্রমুখ।