গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের গণমাধ্যমগুলোকে বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি আদায় করার দায়িত্ব গণমাধ্যমের। চলমান রাজনৈতিক পক্ষ-বিপক্ষকে দূরে সরিয়ে রেখে গণমাধ্যমকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ উদ্যোগে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশ ২০১৬’ বিতরণ অনুষ্ঠানে গতকাল রোববার তথ্যমন্ত্রী এ কথা বলেন। পিআইবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ী পাঁচজন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। পুরস্কার পাওয়া সাংবাদিকেরা হলেন জাতীয় দৈনিক পত্রিকা শ্রেণিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কুন্তল রায়, আঞ্চলিক পত্রিকা শ্রেণিতে দৈনিক সিলেটের ডাক-এর শাহ সোহেল আহমেদ, টেলিভিশন শ্রেণিতে চ্যানেল টোয়েন্টিফোরের মো. মাহবুবুল আলম, টেলিভিশন ক্যামেরাপারসন শ্রেণিতে এনটিভির ওয়াহিদুজ্জামান এবং পত্রিকায় প্রকাশিত আলোকচিত্র শ্রেণিতে সমকাল-এর কাজল হাজরা।

এই প্রতিযোগিতা আয়োজনে পিআইবি ও দুদককে সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানিভিত্তিক সংস্থা জিআইজেড। বিজয়ীরা ১৩ থেকে ১৫ জুন জার্মানির বনে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেবেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, বাংলাদেশে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফার্ডিনান্ড ফন ভাইয়ো ও তথ্যসচিব মরতুজা আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর এবং প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্য সাংবাদিক ইশতিয়াক রেজা। ধন্যবাদ জ্ঞাপন করেন দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল ও দুদকের মহাপরিচালক (প্রিভেনশন অ্যান্ড রিসার্চ) মো. শামসুল আরেফিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. মফিজুর রহমান।