গণমাধ্যমকে মানুষের পক্ষে আনতে হবে
বর্তমান সমাজব্যবস্থা গণমাধ্যম দ্বারা নিয়ন্ত্রিত। গণমাধ্যম যেভাবে মানুষকে প্রভাবিত করছে, সবাই সেভাবেই প্রভাবিত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষমতা সমাজের বিরুদ্ধে চলে যাচ্ছে। এ জন্য নজরদারি বাড়িয়ে গণমাধ্যমকে গণমানুষের পক্ষে আনতে হবে। গতকাল দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘গণমাধ্যমের নির্মিত বাস্তবতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
সেমিনারে বক্তারা বলেন, মানুষকে কীভাবে ভাবতে হবে, তার একটি ছক তৈরি করে দেয় গণমাধ্যম। আর সেই ছকের মধ্যেই সবাইকে ঘুরপাক খেতে হয়। কিন্তু গণমাধ্যমকে সমাজব্যবস্থার পক্ষপাত থেকে মুক্ত থাকা দরকার। বক্তারা বলেন, সবকিছুর মতো গণমাধ্যমেরও ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। সবাইকে নেতিবাচক দিকটি পরিহার করে চলতে হবে।
সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন হেলেনা ফেরদৌসীর সভাপতিত্বে ও শিক্ষক মার্জিয়া রহমানের সঞ্চালনায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সলিমুল্লাহ খান, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তরের’ পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা ও প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ বক্তব্য দেন।