গণমাধ্যমকে শত্রু ভাববেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবেরা বলেছেন, বর্তমান সরকার যথেষ্ট উন্নয়ন করেছে, তবে মানুষকে স্বস্তি দিতে পারেনি। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অপকর্মে সরকারের সব সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। গণমাধ্যমে এসব সংবাদ প্রকাশিত হলেই তাদের শত্রু ভাবা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আক্রমণাত্মক ও বিরূপ বক্তব্য দেওয়া হচ্ছে।

গণমাধ্যমকে শত্রু না ভেবে তাদের সংবাদগুলোকে ইতিবাচক বিবেচনা করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন সচিবেরা।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ‘গণমাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড-সংক্রান্ত বিভিন্ন প্রচারণা বিষয়ে সমন্বয় সভা’য় এসব আলোচনা উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন হাসানুল হক ইনু। সভায় উপস্থিত কয়েকজন সচিবের সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে।

সূত্রমতে, বৈঠকে খোলামেলা আলোচনা হয়। এতে বলা হয়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা অত্যন্ত দুর্বল। সরকারের কোনো মুখপাত্র নেই, সরকারি দলেরও মুখপাত্র নেই। দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকট। এ কারণে সরকারের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। রাজনৈতিক অপপ্রচারের জবাব তো সচিবেরা দিতে পারেন না।

সভায় কয়েকজন সচিব বলেন, ছোটখাটো পত্রিকায় সরকারের ইতিবাচক সংবাদ প্রকাশিত হলেও এসব পত্রিকার পাঠক তেমন নেই। এসব পত্রিকার চেয়ে শতগুণ জনপ্রিয় দুটি পত্রিকার সঙ্গে সরকারের সম্পর্কোন্নয়নের চেষ্টা নেই। অথচ এ দুটি পত্রিকা সব সময় মুক্তিযুদ্ধের পক্ষে লিখে থাকে। তাই গণমাধ্যমের সঙ্গে সরকারকে যত্নশীল আচরণ করতে হবে।

একজন জ্যেষ্ঠ সচিব বলেন, সমালোচনাকে ইতিবাচকভাবে নেওয়া উচিত। অন্য কয়েকজন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সমালোচনা করে বলেন, যে সময় বেসরকারি টিভি চ্যানেলগুলো সারা দেশের তাৎক্ষণিক সংবাদ প্রচার করছে, সে সময় বিটিভি সরকারের গুণগান গেয়ে চলেছে। বিটিভি দেখার জন্য দর্শককে আগ্রহী করে তোলা হয়নি।

দুজন জ্যেষ্ঠ সচিব বলেন, সম্প্রতি সিলেটে সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর ছাত্রলীগের হামলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বরিশালে অধ্যক্ষকে মারধর, বিশ্বজিৎ হত্যাসহ দলীয় নেতা-কর্মীদের দখলবাজি, টেন্ডারবজি সরকারের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করেছে। এখন মানুষ মনে করে, আওয়ামী লীগ উন্নয়নের পাশাপাশি অপকর্মও করেছে। জনগণ এর বিচার চায়।

সচিবদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভায় বলেন, এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তিনি কথা বলবেন।

মন্ত্রিপরিষদ সচিবসহ জ্যেষ্ঠ সচিবেরা আলোচনায় অংশ নেন।

সভায় মন্ত্রণালয়ভিত্তিক সরকারি উন্নয়ন কর্মকাণ্ড প্রচারেরও সিদ্ধান্ত হয়। নিজ নিজ মন্ত্রণালয় তাদের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে তুলে ধরার ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।