গণমাধ্যমকে সরকারের পাশে থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গণমাধ্যমকে সরকারের পাশে চান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে বাংলাদেশ যেসব দাবি তুলে ধরবে, সে ব্যাপারে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রী হোস্টেল সম্মেলন কেন্দ্রে আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান। জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপ আয়োজিত সেমিনারে প্যারিস সম্মেলনে আন্তর্জাতিক জলবায়ু আদালত প্রতিষ্ঠার দাবি তোলেন একাধিক সাংসদ।
সেমিনারে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ বলেন, শিল্পোন্নত রাষ্ট্রগুলো বেশির ভাগ অঙ্গীকার পূরণ করে না। ২০০৯ সালের সম্মেলনে তারা জলবায়ু তহবিলের অঙ্গীকার করেছিল। সেই তহবিলে এত দিনে মাত্র ১০ বিলিয়ন ডলার জমা পড়েছে।
অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, ‘জলবায়ু সম্মেলনের আলোচনায় গিয়ে বাংলাদেশের প্রতিনিধিদের অনেকেই ব্যক্তিগত কেনাকাটায় ব্যস্ত থাকেন বলে আমরা শুনেছি।’ তিনি বলেন, দেশের স্বার্থে সরকারি প্রতিনিধিদল ও নাগরিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।
সেমিনারে মূল উপস্থাপনায় সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক আহসান উদ্দিন আহমেদ বলেন, সম্মেলনে যে চুক্তি হবে তা যেন সবাই আইনিভাবে মানতে বাধ্য থাকে সে ব্যাপারে বাংলাদেশকে সোচ্চার হতে হবে।
সভাপতির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি বলেন, বহু দেশ মিলে কোনো একটি বিষয়ে একমত হওয়ার পরও চুক্তিপত্রে তা বদলে যায়। প্যারিস সম্মেলনে আলোচনা কী হলো আর চুক্তিপত্রে কী লেখা হচ্ছে তা বাংলাদেশ দলের প্রতিনিধিদের ঠিকমতো নজরদারি করতে হবে।