গণমাধ্যমকে হতে হবে আরও দায়িত্বশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত গণমাধ্যমের স্বার্থেই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে। বস্তুনিষ্ঠ ও মানসম্পন্ন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মধ্যে বিভক্তি থাকায় এই পেশার উৎকর্ষ এবং এ ক্ষেত্রে বিরাজমান অনেক সমস্যার সমাধান হচ্ছে না।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ-এর (ডব্লিউজেএনবি) উদ্যোগে রাজধানীর ধানমন্ডির ইএমকে সেন্টারে গতকাল শনিবার অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় ‘সাংবাদিকতার লক্ষ্য হোক বস্তুনিষ্ঠতা, জেন্ডার সমতা ও নিরাপত্তা’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।
প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের সিইও ও এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল, দৈনিক ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর এবং আমেরিকান সেন্টারের পরিচালক অ্যান ব্যারোস ম্যাককনেল। সেমিনারটি সঞ্চালনা করেন ডব্লিউজেএনবির সমন্বয়কারী ও ভোরের কাগজ-এর কূটনৈতিক প্রতিবেদক আঙ্গুর নাহার।
সম্প্রতি ‘রিপোর্টারস স্যান্স ফ্রন্টিয়ার্স’ প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স ২০১৪-এর উল্লেখ করে মনজুরুল আহসান বুলবুল বলেন, এই সূচক অনুযায়ী, বাংলাদেশে গণমাধ্যম এখনো পূর্ণ স্বাধীনতা পাচ্ছে না। কারণ, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সেন্সরশিপ এবং মালিকানার কারণে এই স্বাধীনতা ব্যাহত হচ্ছে। সম্প্রতি ব্লগার হত্যার ঘটনাগুলো গণমাধ্যমের জন্য নতুন হুমকি।
শ্যামল দত্ত বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকার পরও দেশের অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান অনেক বেশি ভূমিকা রাখছে।
ফরিদা ইয়াসমিন বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতা যত সহজ হয়েছে, একই সঙ্গে সাংবাদিকদের জীবনের ঝুঁকিও তত বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকতায় যেমন স্বাধীনতা রয়েছে, একইভাবে সাংবাদিকতায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোনো কিছু করা থেকে বিরত থাকতে হবে।
রাজীব মীর বলেন, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা অনেক কঠিন। সাংবাদিকতায় যেমন স্পষ্টতা থাকতে হবে, তেমনি সাংবাদিকদের স্বাধীনতা ও তাঁদের নিরাপত্তায় পেশাগত জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‘গণমাধ্যমের ভেতরের শত্রু, গণমাধ্যমের বাইরের শত্রু’ শীর্ষক মূল প্রবন্ধে জাহিদ নেওয়াজ খান বলেন, ‘গণমাধ্যমের ভেতরের শত্রুকে মোকাবিলা করার উপায় হলো, উপযুক্ত মালিকানার উপযুক্ত বিনিয়োগ। সঙ্গে উপযুক্ত বেতন-ভাতার বাছাই করা যোগ্য মানবসম্পদ দিয়ে মানসম্মত গণমাধ্যম গড়ে তোলা। কিন্তু বাইরের শত্রুকে নিয়ন্ত্রণের ক্ষমতা গণমাধ্যমকর্মীদের হাতে নেই। তবে আমাদের বাস্তবতার বাইরের সব শত্রুর শক্তির উৎস যেহেতু রাজনীতি, সেটা যাই হোক মাস্তানতন্ত্র কিংবা বেসামরিক বা সামরিক প্রশাসন। প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেই পথ ধরে গণতান্ত্রিক মানসিকতাই মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে পারে।’