গণমাধ্যমকে ২৪ ঘণ্টাই জেগে থাকতে হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ক্ষমতার স্বাভাবিক প্রবণতা হলো স্বৈরাচারী আচরণ ও দুর্নীতির দিকে ঝুঁকে পড়া। আর এই ঝোঁক রোধে পাহারা দেওয়ার দায়িত্ব হলো গণমাধ্যমের। গণমাধ্যমকে ২৪ ঘণ্টাই জেগে থাকতে হবে।
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে এসে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ঘুমালে সমাজ বিপদে পড়তে পারে। রাজনৈতিক নেতা-কর্মীরা ভুল করতে পারে, তারা ভুল শোধরাবে বা শোধরাবে না। কিন্তু গণমাধ্যমের কর্মীরা ভুল করলে সমাজকেই বিপদে ফেলে দিতে পারে। সুতরাং গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর মতো ২৪ ঘণ্টা জেগে থাকতে হবে।
গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের ভুল করার অবকাশ নেই। এখানে কোনো ছাড় নেই। এখানে যে পা রাখবে, তাকে সাবালক হতে হবে। সেটা এক বছরের অভিজ্ঞতাই হোক, আর ৪০ বছরের অভিজ্ঞতাই হোক।
প্রথম আলোর সমৃদ্ধি কামনা করে তথ্যমন্ত্রী বলেন, প্রথম আলো যেদিন থেকে যাত্রা শুরু করেছে, সেদিন থেকেই সাবালকের মতো বিচারবুদ্ধি বিবেচনা করে ভূমিকা রেখেছে। এখন অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। সুতরাং প্রথম আলোর প্রকাশনা আরও সমৃদ্ধ হবে, সুন্দর হবে।
এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক তথ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।