গণমাধ্যমে অদৃশ্য হস্তক্ষেপ ঠেকাতে সম্প্রচার আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কখনোই গণমাধ্যমের ওপর অদৃশ্য হস্তক্ষেপ করেনি, কখনো কোনো গণমাধ্যমে রাতের বেলায় টেলিফোন যায়নি। কিন্তু অতীতে সেটি হয়েছে। ভবিষ্যতে যেন কেউ সেটি করতে না পারে, সে কারণেই সম্প্রচার আইন ও কমিশন হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বেটার বাংলাদেশ ফাউন্ডেশন (বিবিএফ) এই আলোচনার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণমাধ্যমের বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংসদ কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। কাজেই গণমাধ্যমও জবাবদিহির বাইরে নয়। তিনি বলেন, কেউ যেন মিথ্যাচার করতে না পারে, বিভেদের রাজনীতি করতে না পারে, হত্যার রাজনীতি না করতে পারে, জঙ্গিবাদ চালাতে না পারে, তাদের পক্ষে যেন কোনো গণমাধ্যম প্রচারণা না চালায়; সেসব বিষয়ে সব গণমাধ্যমকে একমত হতে হবে। জাতীয় সম্প্রচার নীতিমালায় এসব ব্যাপারেই নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, কারা টেলিভিশন লাইসেন্স পাবে, কেন লাইসেন্স বাতিল হবে, এসব বিষয় নির্ধারণে নীতিমালার ভিত্তিতে সম্প্রচার আইন ও কমিশন হবে। সবার সঙ্গে কথা বলেই এটি করা হবে। এ জন্য গণমাধ্যমের সম্পাদক, মালিক, বিজ্ঞাপনদাতাসহ সব অংশীজনকে নিয়ে খুব শিগগির একটি কমিটি হবে। সেই কমিটি এসব বিষয় চূড়ান্ত করবে।