গণমাধ্যমে চিত্রশিল্প প্রচারের উদ্যোগ চোখে পড়ে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য বলেন, চারুকলা হচ্ছে মনের ভাব প্রকাশের সুন্দর ও সাবলীল মাধ্যম। এ শিল্পে আমাদের দেশে বহুসংখ্যক জ্ঞানী-গুণী শিল্পীর পাশাপাশি তরুণ প্রজন্মের অনেকেই ভালো করছেন। তবে দুঃখের কথা হচ্ছে, শিল্পচর্চার অনান্য বিষয় গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পেলেও চিত্রশিল্প প্রচার-প্রসারে তেমন উদ্যোগ চোখে পড়ে না। গতকাল শুক্রবার বিকেল চারটায় সিলেট নগরের সুবিদবাজার এলাকায় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ইনস্টিটিউট অব আর্টস সিলেটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি শুভেন্দু ইমাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি তুষার কর ও কবি জফির সেতু। শিশির ভট্টাচার্য আরও বলেন, বহু ইতিহাস-ঐতিহ্যে সিলেট অঞ্চল সমৃদ্ধ। বাংলাদেশের অর্থনীতি প্রসারের ক্ষেত্রে এ অঞ্চলের অবদান গুরুত্বপূর্ণ। অথচ চিত্রশিল্পের উন্নয়নে তেমন পৃষ্ঠপোষকতা চোখে পড়ছে না। উদ্বোধন পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় বাউলশিল্পী আমির মোহাম্মদ, আলতাব আলী, কয়েস আহমদসহ প্রতিষ্ঠানের সংগীত বিভাগের শিল্পীরা গান পরিবেশন করেন। গতকাল শুরু হওয়া এ চারুকলা প্রদর্শনী চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চারুকলায় প্রদর্শনী হবে। পাশাপাশি সন্ধ্যা সাতটা থেকে গান পরিবেশন করা হবে।