চট্টগ্রামসহ সারা বাংলাদেশে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে অনেক। সেই সঙ্গে বেড়েছে গণমাধ্যমের অংশগ্রহণও। কিন্তু গণমাধ্যমের অংশগ্রহণ বাড়লেও রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, খেলাধুলাসহ গণমাধ্যমের সংবাদে নারীর উপস্থাপন উল্লেখযোগ্য হারে বাড়েনি। বরং গণমাধ্যমে নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের প্রবণতাই বেশি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি হোটেলে উন্নয়ন সংস্থা উৎস এবং বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন। ‘নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বারসিকের জেন্ডার ও উন্নয়ন সেলের সমন্বয়ক ফেরদৌসি আকতার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা ইলমার-এর প্রধান নির্বাহী জেসমিন সুলতানা এবং চট্টগ্রাম থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকেরা।