গণমাধ্যমে নারীর সংখ্যা বাড়লে পরিস্থিতি পাল্টাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় সাংবাদিক প্যাট্রিসিয়া মুখিম ও স্বাতী ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করেন প্রথম আলোর নারী সাংবাদিকেরা। পরে একসঙ্গে ছবি তোলেন তাঁরা। আজ প্রথম আলো কার্যালয়ে। ছবি: সাবিনা ইয়াসমিন
ভারতীয় সাংবাদিক প্যাট্রিসিয়া মুখিম ও স্বাতী ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করেন প্রথম আলোর নারী সাংবাদিকেরা। পরে একসঙ্গে ছবি তোলেন তাঁরা। আজ প্রথম আলো কার্যালয়ে। ছবি: সাবিনা ইয়াসমিন

সাংবাদিকতার সঙ্গে জড়িত নারীদের চলার পথটি মসৃণ নয়। পরিবার, সমাজ এমনকি কর্মক্ষেত্রেও নানা বাধাবিপত্তি পোহাতে হয়। পেশাটি চ্যালেঞ্জিংও। পেশাদারি, দায়িত্ববোধ এবং পেশার প্রতি আবেগ থাকলেই এ পেশায় টিকে থাকা সম্ভব। গণমাধ্যমে নারীদের সংখ্যা যত বাড়বে, পরিস্থিতি তত পাল্টাতে থাকবে।

ভারতের দুটি গণমাধ্যম ও প্রথম আলোর বিভিন্ন বিভাগের নারী কর্মীদের এক বৈঠকে এ কথা বলেন নারী সাংবাদিকেরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলোর উদ্যোগে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের মেঘালয়ের ইংরেজি দৈনিক দ্য শিলং টাইমস–এর সম্পাদক প্যাট্রিসিয়া মুখিম এবং কলকাতার আনন্দবাজার পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য। তাঁরা প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে ঢাকায় আছেন। বিভিন্ন আনুষ্ঠানিকতার ফাঁকে আজ শনিবার দুপুরে তাঁরা এ বৈঠকে অংশ নেন।

বৈঠকের আলোচনায় দুই দেশের নারী সাংবাদিকদের যেসব সমস্যা বা চ্যালেঞ্জ আছে এবং তা মোকাবিলার কৌশলের বিষয়টি প্রাধান্য পায়। আলাপে নারী নির্যাতন, নারীর ক্ষমতায়ন, রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, অভিজ্ঞতা এবং অনুভূতিও ব্যক্ত করেন সাংবাদিকেরা। আলোচনার একপর্যায়ে স্বাতী ভট্টাচার্য সবার কাছে জানতে চান ‘রিপ্রোডাকটিভ রাইটস’ বিষয়টিকে পাঠকের কাছে নিজের ভাষায় তুলে ধরতে হলে তা কেমন করে প্রকাশ করতে হবে। কেননা গবেষণা বা এনজিও, দাতাগোষ্ঠীর ভাষাগুলো শুধু অনুবাদ করে পত্রিকার পাতা ভরলেই সাংবাদিকের দায়িত্ব শেষ হয় না, যে গোষ্ঠীর জন্য লিখতে হচ্ছে সেই গোষ্ঠীর কাছে ভাষাটি বোধগম্য হলো কি না তা–ই মূল বিষয়। স্কুলের পড়া তৈরির মতো নারী সাংবাদিকেরা বেশ খানিকক্ষণ সময় ব্যয় করেন ‘রিপ্রোডাকটিভ রাইটস’ বিষয়টিকে সহজবোধ্যভাবে প্রকাশ করতে। সবাইকে তা মুখে মুখে বলতেও হয়। এভাবেই বৈঠকের পরিবেশ একসময় আড্ডায় পরিণত হয়। আর বৈঠকে শেষে ছবি তোলার পর্ব তো ছিলই।

স্বাতী ভট্টাচার্য আলোচনার শুরুতেই বলেন, নারীদের মধ্যে সম্পাদক হয়েছেন এমন উদাহরণ এখন পর্যন্ত বিরল। সেই বিরল স্থানটি দখল করেছেন প্যাট্রিসিয়া। মেঘালয় রাজ্যের শিলংয়ে জন্ম নেওয়া প্যাট্রিসিয়া ২০০৮ সাল থেকে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুই দেশের সাংবাদিকদের আলোচনায় দেখা যায়, নারী সাংবাদিক হিসেবে চ্যালেঞ্জগুলো মোটামুটি একই রকম। রাজধানীকেন্দ্রিক দু–একটি বড় পত্রিকা ছাড়া পত্রিকা অফিসগুলোতে নারীবান্ধব কর্মপরিবেশের অভাব, শিশু দিবাযত্ন কেন্দ্র না থাকা, যাতায়াতের সুব্যবস্থা না থাকা এবং পুরুষ সহকর্মীদের কাছ থেকে অবজ্ঞা, অবহেলা তো আছেই। নারী সাংবাদিকদের কাজে ধরে রাখতে চাইলে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিতে হবে।

প্যাট্রিসিয়া আলোচনার শুরুতেই প্রথম আলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ সীমান্তের কাছে হওয়ায় মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব গভীর। তবে এখন পর্যন্ত এ সম্পর্ক অবৈধ অভিবাসনসহ নানা নেতিবাচক কারণেই আলোচিত হচ্ছে। দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরির জন্য এ ধরনের উদ্যোগ খুবই কার্যকর ভূমিকা রাখবে।

প্যাট্রিসিয়া বলেন, সাংবাদিকতায় ‘প্যাশন’ বা তীব্র আবেগ না থাকলে এ পেশায় আসার দরকার নেই। এ পেশায় মানুষের কাছে যেতে হয়। পিতৃতান্ত্রিক পরিবেশে বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করে সাংবাদিক এবং নারী হিসেবে টিকে থাকার বিষয়টিতে তিনি গুরুত্ব দেন। তিনি আরও বলেন, তাঁর এলাকায় তালাকের সংখ্যা অনেক বেশি। পুরুষেরা তালাক দিয়ে নারীদের ঘাড়ে সন্তানকে চাপিয়ে দিচ্ছেন। সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নারীর হাতে নেই। তাই পাঁচ থেকে সাতটি সন্তান জন্ম দিতে হচ্ছে। দ্য শিলং টাইমস–এ এ বিষয়গুলো প্রাধান্য পায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নারী সম্পাদক বলেই হয়তো এ বিষয়গুলো বেশি থাকে পত্রিকায়।’

স্বাতী সাংবাদিকতা শুরু করেন রিপোর্টার হিসেবে। তাঁর কাজের মূল জায়গা দারিদ্র্য। আর ভারতের দরিদ্রদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। বর্তমানে তিনি সম্পাদকীয় বিভাগে আছেন। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই হিসাবে গণমাধ্যমের অর্ধেক জায়গা নারীদের জন্য বরাদ্দ রাখার কথা। কিন্তু তা হচ্ছে না। বরং নারী সাংবাদিকেরা যখন নারী ও শিশুর বিষয়ে লেখেন, তখন তাঁর কাজটাকে অবজ্ঞার চোখে দেখা হয়। কলকাতায় এমন অনেক দৈনিক আছে, যেখানে স্থায়ী নারী কর্মী নেই। আবার কোনো জায়গায় নারী সাংবাদিকেরা পুরুষ সাংবাদিকদের অফিসে পৌঁছার আগেই অফিস ত্যাগ করেন। মেয়েদের জন্য আলাদা শৌচাগার নেই বলে একসময় মেয়েদের সাংবাদিকতায় চাকরিই দেওয়া হতো না। বেশির ভাগ ক্ষেত্রে নারী সাংবাদিকেরা যখন ভালো কাজ করেন, তখন শুনতে হয়, মেয়ে বলে বাড়তি সুবিধা দিয়ে কাজটি আদায় করেছে। আবার কোনো কাজে কৃতকার্য হতে না পারলে শুনতে হয়, পারবে কেমনে—ও তো মেয়ে। সারা দিন সন্তানকে ছাড়া থাকতে হয় বলে নারী সাংবাদিকের মানসিক যন্ত্রণা হয়। একই সঙ্গে শুনতে হয়, ও কেমন মা? আবার সন্তানের কথা অফিসে বললে শুনতে হয়—মেয়েরা শুধু সন্তানের অজুহাত দেয়। পুরুষ সাংবাদিকেরা রাত আটটার পরে প্রেসক্লাবে আড্ডা দিতে যাচ্ছেন, তখন কিছু বলা হয় না। আর কোনো মেয়ে বাসায় ফিরতে চাইলে কথা শুনতে হয়। নারী কর্মীরা পদোন্নতি পেলেও শুনতে হয় মন্দ কথা।

স্বাতী বলেন, ভালো সাংবাদিক হতে চাইলে নারীদের ‘নাইট শিফট’–এ কাজ করতে হবে। তখনই কাজের চাপটা বেশি থাকে।