গণমাধ্যমে প্রতিবন্ধী নিয়ে নেতিবাচক শব্দ অপরাধ
প্রকাশনা ও গণমাধ্যমে প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
এই বিধান রেখে আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল-২০১৩ উত্থাপিত হয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এনামুল মোস্তফা শহীদ বিলটি উত্থাপন করলে তা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে অটিজম, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা, শারীরিক প্রতিবন্ধিতা, দৃষ্টিপ্রতিবন্ধিতা, বাকপ্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শ্রবণপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, বহুমাত্রিক প্রতিবন্ধিতাসহ অন্যান্য প্রতিবন্ধিতাকে উল্লেখ করা হয়েছে প্রতিবন্ধিতার ধরন হিসেবে।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার হিসেবে সব ক্ষেত্রে সমান আইনি স্বীকৃতি, স্বাধীন মত প্রকাশ, প্রবেশগম্যতা, সমন্বিত শিক্ষায় অংশগ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মে নিযুক্তি, সংস্কৃতি ও ক্রীড়া কর্মকাণ্ডে অংশগ্রহণ ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়, আইনের উদ্দেশ্য পূরণে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষাসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’ নামের একটি কমিটি থাকবে। সমাজকল্যাণমন্ত্রী এই কমিটির সভাপতি হবেন। একই সঙ্গে সমাজকল্যাণ-সচিবের সভাপতিত্বে থাকবে নির্বাহী কমিটি। সমন্বয় কমিটির কাজ হবে মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাজে সমন্বয়সাধন। নির্বাহী কমিটির কাজ হবে সমন্বয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করা। প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে জেলা, উপজেলা ও শহর এলাকায় কমিটি থাকবে। প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন ও পরিচয়পত্রের জন্য সংশ্লিষ্ট এলাকার কমিটির কাছে আবেদন করতে হবে।
প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, গণপরিবহনে মোট আসনের পাঁচ শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে প্রতিবন্ধিতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীর ভর্তির আবেদন প্রত্যাখ্যান করা যাবে না। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংরক্ষণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
বিলের অপরাধ ও দণ্ড অধ্যায়ে বলা হয়েছে, কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে আইনের আশ্রয় লাভে বাধা দিলে, প্রতিবন্ধী ব্যক্তিকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করলে, কোনো প্রতিবন্ধী ব্যক্তির সম্পদ আত্মসাত্ করলে এবং প্রকাশনা ও গণমাধ্যমে প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে।
আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিবন্ধিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাযোগ্য অপরাধে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি জালিয়াতির মাধ্যমে পরিচয়পত্র তৈরি করলে তা সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানাযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।