গণমাধ্যমে ভীতিকর ছবি শিশুর মনে ছাপ ফেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘটনা ঘটলেই টেলিভিশন ও সংবাদপত্রে বীভৎস ছবি দেখানো ও প্রচার করা হচ্ছে। কোনো সভ্য দেশে এটা করা হয় না। ভীতিকর ছবি দেখালে শিশুর মনে ছাপ পড়ে। তাই গণমাধ্যমে এ ধরনের ছবি না দেখানোর জন্য তিনি আহ্বান জানান।প্রধানমন্ত্রী গতকাল সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগের শিশুরাই ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। তিনি শিশুদের সুন্দর আগামীর জন্য সম্মিলিতভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বক্তব্য দেন এ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) দেশীয় প্রতিনিধি ক্যারল ডি রয়, শিশু প্রতিনিধি আবিদুর রহমান ভূঁইয়া ও সারা মেহজাবিন। অনুষ্ঠানে উপস্থাপনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে শিশুরা।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বৃদ্ধ বয়সে এসে কম্পিউটার শিখি। আর শিশুদের শেখাতে হয় না, তারা নিজেরাই শিখে ফেলে।’ তিনি বলেন, শিশুরা শিগগির ১০ হাজার টাকায় কম্পিউটার কিনতে পারবে। কিন্তু শুধু কম্পিউটার নিয়ে বসে থাকলে হবে না। খেলাধুলাও করতে হবে। তবে ডেভেলপারদের দৌরাত্ম্যে মাঠ-ঘাট সব দখল হয়ে যাচ্ছে। অনেক কষ্টে এগুলো সংরক্ষণ ও দখলমুক্ত করতে হচ্ছে।শেখ হাসিনা শিশুদের জন্য তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি শিশুদের প্রতি কঠোর আচরণ পরিহার করার এবং তাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর ওপর গুরুত্ব দেন।প্রধানমন্ত্রী শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানান। তিনি প্রতিবন্ধী, অটিস্টিক শিশুদের দূরে ঠেলে না দেওয়ার জন্যও সবার প্রতি আহ্বান জানান।