গণমাধ্যমে সাংসদের সমালোচনা বন্ধে আইন চান শামীম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের সমালোচনা থেকে সাংসদদের রক্ষা করতে আইন করার দাবি তুলেছেন সরকারি দলের সাংসদ শামীম ওসমান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে গতকাল বুধবার সংসদে এ দাবি তোলেন তিনি।

শামীম ওসমান সভাপতির আসনে বসা ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, ‘আপনি আমাদের প্রোটেকশন দেন, না হয় ছেড়ে দেন। সাধারণ মানুষ করে দেন। বুঝিয়ে দেব সাধারণ মানুষের ক্ষমতা। লক্ষ লোক নিয়ে ওদের অফিসের সামনে যাব।’

ডেপুটি স্পিকারের উদ্দেশে শামীম ওসমান আরও বলেন, ‘আমরা যদি কিছু করে থাকি, তদন্ত হোক। আপনি তাদের (গণমাধ্যম) সংসদে ডাকেন। বলেন এই এমপির বিরুদ্ধে কী লেখা হয়েছে, প্রমাণ থাকলে দাও। আইন করেন। ওরা খেলায় নেমে গেছে।’

শামীম ওসমান বলেন, ‘ওদের সাহস বেড়ে গেছে। নেত্রীর বিরুদ্ধে লিখলে কিছু হয় না। এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে লিখলে কিছু হয় না। ৯০ ভাগ সাংবাদিক ভালো। কিন্তু এদের জন্য সবার ওপর অপবাদ পড়ছে।’

আওয়ামী লীগের এই সাংসদ যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রীসহ সামনের সারির বেশির ভাগ মন্ত্রী-সাংসদ উপস্থিত ছিলেন না।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দলের লোক, সুযোগ-সুবিধা নেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। তাঁর পত্রিকায় লেখা হলো, এমপিরা ড্রাগ ডিলার। ’৭৮ সালে জিয়াউর রহমানকে যখন নারায়ণগঞ্জে ঢুকতে দিইনি, এই লোক তখন কোথায় ছিলেন। এই ভদ্রলোক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দিতে সই করেছিলেন। জামায়াতের প্রকাশিত বইয়ে লেখা আছে। কে এই লোক? আমাদের মধ্যে ঘোরাফেরা করে, ভদ্রলোক আমাদের কৃপায় টিকে আছেন, ইকবাল সোবহান চৌধুরী।’

প্রথম আলো ও ডেইলি স্টার-এর নাম উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে সাত খুন মামলার পর প্রথম আলো লিখল আমি যুক্ত। আমি নোটিশ পাঠিয়েছিলাম। তথ্যসচিবকে লিখেছিলাম। ৩৮ মাস বসে ছিলাম। আজ রায় হয়েছে। ওনারা কী বলবেন? শেখ হাসিনার প্রশ্নে যাঁরা বিন্দুমাত্র আপস করবেন না, তাঁদের চরিত্র হনন হচ্ছে। শুনেছি ১০০ এমপির তালিকা করা হয়েছে। এমন অবস্থা করবে, যাতে তারা লোকের সামনে যেতে না পারে। দলের ভেতরেও ষড়যন্ত্র হচ্ছে। খন্দকার মোশতাকও তো এই দলের লোক ছিল।’

শামীম ওসমান বলেন, ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্‌ফুজ আনাম টেলিভিশনে স্বীকার করেছেন। ওনার লেখার কারণে নেত্রীকে ১১ মাস জেলে থাকতে হয়েছে। প্রথম আলো প্রতিষ্ঠিত উলফার টাকায়।

পরে ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, আপনি আমাকে উদ্দেশ করে কিছু বলেছেন। এই সংসদে স্পিকারের চেয়ারে বসে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব না। আমি অক্ষম। আপনি সাংবাদিকতা নিয়ে কিছু বলেছেন। এ বিষয় নিয়ে অন্য বিধিতে নোটিশ দিলে আমি চেয়ারে থাকলে রুলিং দেব।’