যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন, তিনি অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কিছু গণমাধ্যমে অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে।গতকাল মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান সুলতানা কামালের কাছে পাঠানো এক চিঠিতে যোগাযোগমন্ত্রী এই দাবি করেন। এতে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের কার্যক্রম খতিয়ে দেখতে টিআইবিকে অনুরোধ জানান।চিঠিতে বলা হয়, টিআইবির কার্যক্রমে সহযোগিতা করতে মন্ত্রণালয়ের অধীনে তিন সচিবকে (সড়ক বিভাগ, রেল বিভাগ ও সেতু বিভাগ) নির্দেশ দেওয়া হয়েছে।চিঠিতে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমি আমার কাজ অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করি। সরকারি নীতি-বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করি। কিন্তু বিভিন্ন নামে-বেনামে প্রেরিত চিঠি এবং কতিপয় সংবাদমাধ্যমের অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি দুর্নীতির অঙ্গুলি নির্দেশ করছে। তাই গত আড়াই বছরে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কে যেসব নেতিবাচক সংবাদ প্রকাশিত হয়েছে, (আমি মনে করি, এর সত্যতা নেই।) তার সত্যতা ও যৌক্তিকতা কতটুকু তা পর্যালোচনার অনুরোধ করছি।’যোগাযোগমন্ত্রী আরও বলেন, ‘ইদানীং দেশের কতিপয় মিডিয়ায় যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কে অসত্য প্রচারণা চলছে। এটা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ বিলম্বিত করছে। পত্রিকা ও মিডিয়ার অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদ দেশের উন্নয়নে বাধার সৃষ্টি করছে। কারণ, এসব অসত্য ও উদ্দেশ্যমূলক সংবাদের ভিত্তিতেই অধিকাংশ সময় বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সরকারের কার্যক্রম মূল্যায়ন করে থাকে।’পদ্মা সেতু সম্পর্কে চিঠিতে বলা হয়, ‘পদ্মা সেতু প্রকল্প গ্রহণ ও আনুষঙ্গিকতা বাস্তবায়নে আমরা খুব দ্রুততার সঙ্গে কাজ করছি। কিন্তু বিভিন্ন সময়ে বিশ্বব্যাংকের পরামর্শ ও অনুরোধ রক্ষা করতে গিয়ে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় যেভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এগোচ্ছে, তাতে সরকারের অঙ্গীকার মোতাবেক এ বছরের প্রথমার্ধেই পদ্মা সেতুর দরপত্র আহ্বান করা যেত। কিন্তু বিশ্বব্যাংক ও এডিবির মতানৈক্য ও একটি পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় এখনো অনুমোদন-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।’চিঠিতে যোগাযোগ মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে টিআইবির সার্বিক সহযোগিতা কামনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে চিঠিটি মঙ্গলবারই টিআইবির কার্যালয়ে পৌঁছানো হয়েছে। তবে টিআইবির চেয়ারম্যান দেশে না থাকায় তাঁর দপ্তরে চিঠিটি গ্রহণ করা হয়েছে।