
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গণমাধ্যম নিয়ে মায়াকান্না করছে, এটি আসলে একচোখা সংস্থা। বার্ষিক প্রতিবেদনে যেসব তথ্য সংস্থাটি প্রকাশ করেছে, তা খণ্ডিত ও বিকৃত এবং সত্যের অপলাপ। গতকাল বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিবিদদের যেমন ন্যূনতম নৈতিক মান বজায় রাখা উচিত, ঠিক তেমনই একজন সম্পাদকের ন্যূনতম নৈতিক মান বজায় রাখা উচিত। একজন রাজনীতিক যদি নৈতিকতার বিবেচনায় সমালোচিত হতে পারেন, একজন সম্পাদকও তেমন নৈতিকতার বিবেচনায় সমালোচিত হতে পারেন।’ তথ্যমন্ত্রী বলেন, ‘ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এক-এগারোর সময়কালের ঘটনার বিবরণ মাত্র। এখানে কোনো অত্যুক্তি নেই, বিষোদ্গার নেই। প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা সেই সময়ে সেনাসমর্থিত সরকার কর্তৃক রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মচারী—এমনকি গণমাধ্যমকর্মীদের ওপর যে নির্যাতন-হয়রানি হয়েছিল, তারই পরিষ্কার চিত্রটি দেখতে পাই। এখানে কোনো হিংসা-প্রতিহিংসার বিষয় নেই।’
হাসানুল হক বলেন, ‘সংবাদপত্র বা সম্পাদক রাজনীতিকদের সমালোচনা করতে পারেন। একজন রাজনীতিকের কি একজন সম্পাদক বা সংবাদপত্রের যৌক্তিক সমালোচনা করার অধিকার নেই? রাজনীতিকেরা সমালোচনা করলে এত শোরগোল কেন? প্রধানমন্ত্রী কি সত্য কথা বলার অধিকার রাখেন না?’ তথ্যমন্ত্রী একাধিকবার দাবি করেন, গণমাধ্যমের ওপর কোনো চাপ নেই। দেশের গণমাধ্যম এখন স্মরণকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম আলো ও ডেইলি স্টারকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোয়েন্দাদের সিদ্ধান্ত হতে পারে। এটা কোনো চাপ বলা যাবে না।’ মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে মামলা করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটা সরকারের রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত নয়। সংক্ষুব্ধ ব্যক্তিরা এসব মামলা করেছেন।