গণমাধ্যমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং লেখক ফরহাদ মজহারকে হয়রানি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন।
এসব সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের রাজপথে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, একটি বেসরকারি টিভি চ্যানেলে কবি ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহারের দেওয়া একটি বক্তব্যকে খণ্ডিত ও বিকৃত করে প্রচার করা হয়েছে। এর উদ্দেশ্য হলো সরকার গত পাঁচ বছরে গণমাধ্যমের ওপর যে ফ্যাসিবাদী দমন চালিয়েছে, তা থেকে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ফেরানো।
সাংবাদিক নেতারা অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি, আমার দেশ, দিগন্ত টিভি ও ইসলামিক টিভিসহ বিভিন্ন বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান। বিবৃতি দেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি আবদুল হাই শিকদারসহ বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়নের নেতারা। বিজ্ঞপ্তি।