গণমাধ্যমের ওপর হামলায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্নালিজম অ্যান্ড পিস ফাউন্ডেশন (জেপিএফ)। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হারুন হাবীব এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের কার্যালয় ও সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা উল্লেখ করে বলেন, এ ধরনের সহিংস আচরণ একদিকে যেমন সংবাদমাধ্যমের স্বাধীন কার্যক্রমে ব্যাপক বাধার সৃষ্টি করছে, অন্যদিকে উগ্রবাদী ও অসহিষ্ণু ধারার রাজনীতিকে উৎসাহিত করছে। হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সংবাদপত্র ও বিভিন্ন গণমাধ্যমের যানবাহন চলাচল ও সংবাদকর্মীরা যেখানে নির্বিঘ্নে সাংবাদিকতার দায়িত্ব পালন করার অধিকারী, সেখানে এ ধরনের সহিংসতা চরম উদ্বেগজনক।
সংবাদমাধ্যমের ওপর এ ধরনের সহিংস আক্রমণ বন্ধ করা না গেলে সুস্থ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বিপন্ন হবে, যা কার্যত নৈরাজ্য সৃষ্টিকারীদের উৎসাহিত করবে।
এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়, বিচারপতি, রাজনৈতিক নেতাদের বাসভবনে বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। বিজ্ঞপ্তি।