গণমাধ্যমের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদকর্মীরা রাজনৈতিক আক্রোশের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। রাজনৈতিক দলগুলোকে এ ধরনের হামলা থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানিয়েছে পরিষদ।

গতকাল বুধবার পরিষদের এক বিবৃতিতে বলা হয়, ‘সব সময় সংবাদমাধ্যমের গাড়ি ও সাংবাদিকেরা হরতালের আওতামুক্ত। তার পরও ২৬ থেকে ৩০ অক্টোবর এই পাঁঁচ দিনে অন্তত ১৯ জন সাংবাদিক, চারটি গণমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি আক্রান্ত হয়েছে। এ ছাড়া দুজন সাংবাদিকের বাসায় হামলা হয়েছে। এ ধরনের রাজনৈতিক আচরণ উদ্বেগজনক। এর ফলে আমরা সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ভুলে গেলে চলবে না যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন ও বলিষ্ঠ গণমাধ্যমে ছাড়া পৃথিবীতে কোথাও গণতন্ত্র টেকসই হতে পারে না। বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলো এই লক্ষ্যে কাজ করছে। স্বাধীন ও বলিষ্ঠ গণমাধ্যম বাংলাদেশের একটি গৌরবময় অর্জন। অনেক ত্যাগ ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এই অর্জন এসেছে। বাংলাদেশের জনগণ এবং সাংবাদিকেরা এই অর্জনকে বিনষ্ট হতে দেবে না।

সম্পাদক পরিষদের পক্ষে পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বিবৃতিতে সই করেন। এতে সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের কর্মীদের ওপর আক্রমণ করা থেকে বিরত রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে পরিষদ সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।