চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামে গত বৃহস্পতিবার যৌথ বাহিনীর অভিযানের সময় ভাঙচুর-লুটপাট এবং এরপর আতঙ্কে মানুষজনের গ্রামছাড়ার বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। গত সোমবার জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন তদন্ত কর্মকর্তা উপজেলার রসুলপুর ও মহদিপুর গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্তের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার বশির আহমেদ প্রথম আলোকে গত সোমবার বলেন, যৌথ বাহিনীর অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদাপোশাকে পুলিশের বিশেষ শাখার একজন উপপরিদর্শক (আগে তিনি শিবগঞ্জ থানায় কর্মরত ছিলেন) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভাঙচুরের শিকার বাড়ির মানুষজনের সঙ্গে কথা বলেন। এ ছাড়া গত রোববার প্রথম আলোর প্রথম পাতায় মানুষজনের গ্রামছাড়ার যে ছবি প্রকাশিত হয়, সেই স্থানও পরিদর্শন করেন।
এ বিষয়ে সোমবার সন্ধ্যায় মুঠোফোনে জানতে চাইলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা রসুলপুর গ্রামে তাঁর বাড়ি এবং প্রতিবেশী আবু বাক্কার, একরামুল হক, ইয়াসিন আলী, মো. আলমসহ কয়েকজনের বাড়ি ভাঙচুরের দৃশ্য দেখে যান। এ সময় তিনি বাড়ির লোকজনের সঙ্গে কথা বলেন।
শিবগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিকল আলীর (৬৮) বাড়িও রসুলপুর গ্রামে। তিনি গতকাল বিকেলে বলেন, ‘আবার যৌথ বাহিনীর অভিযানের ভয়ে বিকেলের পর গ্রামে প্রায় কোনো পুরুষ মানুষ থাকে না। আমার একজন নিকট আত্মীয়াও ভয়ে বাড়ি আসছেন না।’
এদিকে গত রোববার রসুলপুর জুম্মা মসজিদে জোহরের নামাজের পর গ্রামের মুরব্বিদের ডাকে এলাকার শান্তি রক্ষার উদ্দেশ্যে এক সভা হয়। ৮০ বছর বয়সী আতাউর রহমান ও বিকল আলীসহ ওই সভায় উপস্থিত ছিলেন এমন বেশ কয়েকজন গতকাল জানান, গ্রাম থেকে কোনো মানুষ নাশকতামূলক কার্যক্রমে অংশ নিলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ওই সভায়। এ ছাড়া বাইরে থেকে আসা অবরোধকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। এ ব্যাপারে জামায়াত-বিএনপির নেতাদেরও জানিয়ে দেওয়া হয়েছে, তাঁদের দলের লোকজন যেন এ গ্রামে জড়ো হয়ে কোনো পিকেটিং বা নাশকতামূলক কাজে অংশ না নেয়। এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসনের সহায়তা কামনা করে।