গণমাধ্যমের জন্য সমন্বিত নীতিমালা করা উচিত
শুধু সম্প্রচার নীতিমালা নয়, সব গণমাধ্যমের জন্য একটি সমন্বিত নীতিমালা করা উচিত। এই নীতিমালা গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য নয়, সেটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৩’-এর খসড়া নিয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ইনস্টিটিউট অব কমিউনিকেশনস স্টাডিজ ও ইউনেসকো এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমের জন্য একটি সমন্বিত নীতিমালা বড় দরকার; যেখানে সব গণমাধ্যম আসবে। তিনি আরও বলেন, খসড়া জাতীয় সম্প্রচার নীতিমালা গ্রহণযোগ্য নয়। এতে সরকারের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখা হয়েছে।
আলোচনায় অন্য বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে গণমাধ্যমের জন্য ৪৩টি আইন, নীতিমালা বা বিধিমালা আছে। খণ্ড খণ্ড নীতিমালার কোনো প্রয়োজন নেই।
জাহিদ হোসেনের সঞ্চালনায় আলোচনায় আরও বক্তব্য দেন সাংবাদিক জাকারিয়া কাজল, মাহমুদ মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী প্রমুখ।